২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিট

পৌরসভা নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 11:53 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচনের বিধিমালা-২০১০ এর চারটি তফসিলে বিষয়গত ত্রুটি রয়েছে দাবি করে রোববার রিট আবেদনটি করা হয়।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে। রিট আবেদনে তফসিলগুলোতে যেসব ত্রুটির কথা বলা হয়েছে সেগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনাও চাওয়া হয়েছে।

আবেদনকারী আইনজীবী এস এম জুলফিকার আলীর পক্ষে ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেন।

স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা-২০১০ এর সিডিউল-২ তে  চলতি বছরের ২৩ নভেম্বর সংশোধনী আনা হয়। প্রার্থীদের প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিধিমালার চারটি তফসিলের ক্রটি রয়েছে বলা হয় রিটে।

ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বিধিমালা সংশোধনীর মাধ্যমে তফসিল ২, ৩, ৪ ও ৫ নতুনভাবে প্রতিস্থাপিত হয়। এর মধ্যে তফসিল ২ এ মেয়র পদে রাজনৈতিক দল মনোনীত প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীক, তফসিল ৩ এ মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীক বরাদ্দ, তফসিল ৪ এ সংরক্ষিত আসনে কাউন্সিলরদের জন্য প্রতীকের তালিকা ও তফসিল ৫ এ সাধারণ আসনে কাউন্সিলরদের জন্য সংরক্ষিত প্রতীকসমূহের তালিকা রয়েছে।

“এখন তফসিল দুই এর নিচে লেখা, বিধি ১৯ এর ১ দ্রষ্টব্য। এখানে মেয়র পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীক সমূহের তালিকা রয়েছে। এখানে বিধি ১৯ এর ১ (ক) হওয়া উচিত ছিল, কারণ বিধি ১৯ এর ক অনুযায়ী এই মেয়র পদে রাজনৈতিক দলের মেয়র প্রার্থীদের প্রতীক দেওয়া হবে। এটি একটি ক্রটি।

“দ্বিতীয় ক্রটি- তফসিল তিন এর নিচে আছে, বিধি ১৯ এর ২ ক দ্রষ্টব্য। অথচ বিধি ১৯ এর ২ ক বলতে কোনো উপ-ধারা নেই। এখানে বিধি ১৯ এর ১ এর খ হওয়া প্রয়োজন ছিল, এটি আরেকটি ক্রটি। চতুর্থ তফসিলের নিচে লেখা আছে, বিধি ১৯ এর ২ এর খ দ্রষ্টব্য। অথচ বিধি ১৯ এর ২ খ বলে কোনো উপ-ধারা দেখা যাচ্ছে না। এখানে বিধি ১৯ এর ১ এর গ দ্রষ্টব্য হওয়া দরকার ছিল, এটিও ক্রটি।”

ব্যারিস্টার এহসান বলেন, “পঞ্চম তফসিলের নিচে এখন লেখা আছে, বিধি ১৯ এর ২ গ দ্রষ্টব্য। অথচ বিধি ১৯ এর ২ গ বলে কোনো উপ-ধারা দেখা যাচ্ছে না। এখানে বিধি ১৯ এর ১ ঘ দ্রষ্টব্য হওয়া দরকার ছিল, এটিও ভুল। তফসিলগুলো নির্বাচন বিধিমালার একটি অংশ। এসব ক্রটির ফলে কোনো ধারা বা উপধারায় প্রতীক বরাদ্দ হচ্ছে এ নিয়ে প্রার্থী বিভ্রান্ত হতে পারে, এসব যুক্তিতে রিটটি করা হয়।”

তফসিলে এসব ক্রটিগুলো কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তা সংশোধনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে রিট আবেদনে। আর রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, কমিশনের সচিবালয়ের সচিব, উপ-সচিব, স্থানীয় সরকার সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।