২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদের সন্তানদের বর্ণনায় কষ্টগাথা

দেশ রাজাকার মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শহীদ আজিজুর রহমানের মেয়ে রিজিয়া রহমান।

ফয়সাল আতিক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 11:37 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

একই আর্তি এসেছে মুক্তিযুদ্ধে শহীদদের আরও কয়েকজন সন্তানের মুখ থেকেও। সেদিনের সেই লোহমর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাদের কেউ কেঁদেছেন, কেউ ফুঁসেছেন ক্ষোভের আগুনে।

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত ‘মানবতা বিরুদ্ধে অপরাধীদের বিচার: শহীদ পরিবারের প্রতিনিধিদের অনুভূতি’ শীর্ষক আয়োজনে উঠে আসে নানা কষ্টগাথা।

বক্তব্যে চার যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের জন্য সরকারকে ধন্যবাদও দেন তারা।

১৯৭১ সালে বিজয়ের মাসের প্রথম দিন নরসিংদীর ঘোড়াশাল ন্যাশনাল জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা আজিজুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিবারের সদস্যদের সামনে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাবার সরবরাহসহ নানাভাবে সাহায্য করতেন তিনি।

বাবার হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী রিজিয়া বলেন, “ডিসেম্বরের এই দিনগুলো এলে আমাদের মন ব্যথায় ভারি হয়ে উঠে, বুকের মধ্যে রক্তক্ষরণ হয়।

“একাত্তর সালের পহেলা ডিসেম্বর রাজাকাররা এসে আমার বাবাকে ঘর থেকে টেনে বের করল। আমার পাঁচ ভাইবোনসহ পরিবারের লোকজনের সামনে প্রথমে তাকে গুলি করে। গুলিতে তখনও মারা যায়নি আমার বাবা। পরে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করে।”

যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রসঙ্গে তিনি বলেন, “যাদের কারণে স্বজন হারাইছি, আজ তাদের বিচার হচ্ছে, একটা সময় মনে করছিলাম খুনিদের বুঝি আর বিচার হবে না, নিরাশ হয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিচার শুরু হয়েছে, সেজন্য উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।”

“যুদ্ধারপরাধীদের চার জনের ফাঁসি হইছে, এখন শান্তি পাচ্ছি। বাকি সবারই ফাঁসি চাই আমি। প্রধানমন্ত্রীকে বলছি, দেশে একজন রাজাকারও যেন না থাকে। যেদিন দেখব রাজাকার মুক্ত দেশ হইছে সেদিন বুঝব যে আমার বাবার রক্ত বৃথা যায় নাই।”

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অরেক শহীদ কুড়িগ্রাম সরকারি কলেজের ইসলামের ইতহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল ওহাব তালুকদারের ছেলে মিজানুর রহমান তালুকদার তার বাবার হত্যার বর্ণনা দেন।

৬ নম্বর সেক্টরের অধীন একটি যুবশিবিরের কমান্ডার ছিলেন অধ্যাপক আব্দুল ওহাব।

তিনি বলেন, “১৯৭১ সালের ৭ অক্টোবর তাকে হত্যা করা হয়। পাকিস্তানি বাহিনী বাবার নেতৃত্বাধীন দলটিকে ধাওয়া করে ভারতের কুচবিহার রাজ্যের অভ্যন্তরে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। সেখানে বামুনহাটের কালমাটি বাজারে ব্রাশ ফায়ারে নিহত হন বাবা। ভারতীয় ভূখণ্ডেই তাকে সমাহিত করা হয়েছে। সরকার তার কবর ফেরত আনার চেষ্টা চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি।”

শহীদ আব্দুল ওহাব তালুকদারের রক্তমাখা শার্ট-প্যান্ট মুক্তিযুদ্ধ জাদুঘরেই সংরক্ষিত রয়েছে জানিয়ে তার ছেলে বলেন, “যখন এখানে আসি, নীরব নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকি, কখনও বা বেদনায় আমাদের দুই চোখ ভিজে যায়। আবার কখনও আবার চেতনার সেই শক্তি এখানে ফিরে পাই।”

স্বাধীনতার পর পঁচাত্তর পরবর্তী সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “একটা সময় ছিল মিডিয়ায় রাজাকার, আল বদর এই শব্দগুলো উচ্চারণ করা যেত না। কারণ তখন যারা ক্ষমতায় ছিল তারা এসব পছন্দ করত না।

“যাই হোক, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটি এখন ক্ষমতায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকারের ফলে এখন যুদ্ধাপরাধী, বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার হচ্ছে। আমরা আমাদের দুঃখ ব্যথার কথা নির্ভয়ে প্রকাশ করতে পারছি।”

বিচার শুরু হওয়ার পর স্বাধীনতা বিরোধীদের মুখোশ উন্মোচিত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “তাদের ভণ্ডামি, মিথ্যা আস্তে আস্তে জাতীর কাছে পরিষ্কার হচ্ছে। অনেক অজানা ইতিহাস উন্মোচিত হচ্ছে। যারা দাঁড়ি, টুপি দিয়ে ভালো মানুষ সেজেছে, সুন্দর সুন্দর কথা বলছে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। একাত্তরে কী ভয়ানক রূপেই না তারা আবির্ভূত হয়েছিল।”

“আবার তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমাও চাচ্ছে। আজকে মতিউর রহমান নিজামীও অপরাধ স্বীকার করছে ৪৪ বছর পর। কিন্তু জামায়াত-পাকিস্তান তাদের অপরাধ স্বীকার করছে না।”

একাত্তর সালের মতো যুদ্ধাপরাধীদের পক্ষের লোকজন আবারও গোপন ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে এই শহীদপুত্র বলেন, “একাত্তর সালে যেভাবে অসাম্প্রদায়িক চেতনার মানুষকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছিল, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের যেভাবে তালিকা তৈরি করা হতো, তাদের হত্যার হুমকি দেওয়া হতো, এখনও সেই কাজটি করা হচ্ছে।

“প্রগতিশীল চিন্তার মানুষকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আঘাত করা হচ্ছে। লেখক ব্লগারদের হত্যা করা হচ্ছে। তারা বসে নেই, তাদের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এগিয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “এইদেশ সম্পূর্ণরূপে রাজাকারমুক্ত করতে হবে। রাষ্ট্রক্ষমতায় যেই থাকুক সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। সে মুক্তিযুদ্ধের পক্ষের হবে এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি স্কুলের ইউনিফর্ম পরা শিশুরাও অংশ নেয়।

সাংস্কৃতিক সংগঠন বধ্যভূমির সন্তানদল, মাতুয়াইল সঙ্গীত একাডেমি ও ছায়ানট সেখানে সঙ্গীত পরিবেশন করে। স্রোত আবৃত্তি সংসদের কর্মীরা কবিতা পরিবেশন করে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়া উদ্দিন তারিক আলী বলেন, “পরাজয়ের দ্বারপ্রান্তে এসে পাকিস্তানিরা চেয়েছিল এদেশের মান্যগন্য বুদ্ধিজীবী শ্রেণির লোকগুলোকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে এই দেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই পরিকল্পনা থেকে তাদের এদেশীয় দোসরদের দিয়ে ১৪ ডিসেম্বর ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক সাংবাদিকসহ জাতির মেধা সন্তানদের গণহারে হত্যা করেছিল।

একটি রাতে এক হাজার শিক্ষক, ১৭ জন সাংবাদিক, ২৭ জন উকিল, ১৬ জন সাংস্কৃতিককর্মীকে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

মুক্তিযুদ্ধ জাদুঘরের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সারা দেশে ৯৮০টির মতো বধ্যভূমি এখন পর্যন্ত চিহ্নত করা গেছে। এসব বধ্যভূমির প্রতিটিতে ৫০ থেকে ৫০০ জনকে পর্যন্ত হত্যা করে ফেলে রাখা হয়েছিল।