২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিবস পালনে সীমাবদ্ধ বুদ্ধিজীবী দিবস’

শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মানিত করার দাবি এসেছে গণজাগরণ মঞ্চের এক আলোচনা সভা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 10:03 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

সোমবার বিকেলে শাহবাগে ওই আলোচনা সভায় মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন ‘প্রজন্ম-৭১’ এর সভাপতি সাইদুর রহমান বলেন, স্বাধীনতার ৪৪ বছর পার হয়েছে। কিন্তু এই সময়ে বেশিরভাগ শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের খোঁজ কেউ রাখেনি।

“এর বিপরীতে মুক্তিযুদ্ধে যাদের গায়ে একটুও আঘাত লাগেনি, তারাও অনেক ক্ষেত্রে সম্মানিত হয়েছেন।”

মুক্তিযুদ্ধে বাবা, মা, ভাইসহ পরিবারের সাত সদস্যকে হারিয়েছেন সাইদুর রহমান।

তার বক্তব্যের সূত্র ধরে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধ পরবর্তী ৪৪ বছরে আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় দু’টি অর্জন হচ্ছে একাত্তরে গণহত্যাকারী, ধর্ষণকারী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার এবং নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ।

“আর ৪৪ বছরের চরম ব্যর্থতা হচ্ছে, আমরা মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের কোনো খবর রাখিনি। শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থেকেছি।”

আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য হলেও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষভাবে সম্মানিত করা দরকার বলে মন্তব্য করেন ইমরান।

“তাহলে পরবর্তী প্রজম্মের কাছে আমরা একটি অনুকরণীয় দৃষ্টান্ত রাখতে পারব- যারা দেশের জন্য জীবন দেয় আমরা তাদের ভুলি না, সম্মানিত করি।”

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধেও দাবি: মুক্তিযুদ্ধেও আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের কোন পথে আমরা’ শীর্ষক আলোচনা সভায় সাইদুর রহমান ও ইমরান এইচ সরকার এসব বক্তব্য দেন।

এ সময় ইমরান এইচ সরকার কোনো ধরনের কালক্ষেপণ না করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ এবং তাদের আর্থিক প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান।

তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে এখন এটা প্রমাণিত যে, জামাত একাত্তরে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েই এদেশের বুদ্ধিজীবী ও সাধারণ মানুষদের হত্যা করেছে।”

“যুদ্ধাপরাধের বিচার অব্যাহত রাখার পাশাপাশি কোনো ধরনের কালক্ষেপণ না করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে। যাতে তারা তাদের এখনকার জঙ্গিবাদী কার্যক্রম অব্যাহত রাখতে না পারে।”

যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির পর পাকিস্তান সরকারের প্রতিক্রিয়ায় সোমবার দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই প্রসঙ্গে টেনে ইমরান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাধুবাদ পাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠানকে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছি।”

“সরকারের কাছ দাবি জানাচ্ছি, যতদিন পর্যন্ত পাকিস্তান একাত্তরের ঘটনার জন্য ক্ষমা চাইবে ততদিন পর্যন্ত তাদের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হোক।”

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “পাকিস্তানি প্রতিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে, যুদ্ধাপরাধীরা যেভাবে একাত্তরে পাকিস্তানের দোসর হিসাবে বাঙ্গালিদের হত্যা-ধর্ষণ করেছে সেভাবে স্বাধীনতার পরও এদেশে তাদের দোসর হিসাবেই কাজ করেছিল।”

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূলের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উদীচী’র সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, ছাত্রফ্রন্ট একাংশের সাধারণ সম্পাদক সভাপতি ইমরান হাবিব রুমন বক্তব্য দেন।

সভা শেষে সন্ধ্যায় শাহবাগ থেকে আলোর মিছিল বের করেন মঞ্চের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ ঘুরে পুনরায় শাহবাগে পৌঁছে মিছিলটি শেষ হয়।

এরপর শাহবাগে পরিবেশন করা হয় পথনাটক ‘কাদামাখা মাইক্রোবাস’।