‘শ্যাননকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে বলেছেন খালেদা’
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কাউন্সেলর টমাস শ্যাননকে ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া’ নিয়ে জানিয়েছেন খালেদা জিয়া।
সোমবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় তার সঙ্গে দেখা করতে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মনোনীত রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি শ্যানন।
৫০ মিনিটের এই বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংক্ষাতের বিষয়ে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “এই বৈঠকে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরেছি। এটা বলার অপেক্ষা রাখে না যে, আজকের বিশ্বে মানবাধিকার রক্ষা তথা গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা ব্যতীত অন্য কোনো ব্যবস্থা মানুষের কাছে গ্রহণযোগগ্য হতে পারে না। এটাই ছিল- আমাদের মূল বক্তব্য।”
বৈঠকে উপস্থিত দলের কয়েকজন নেতা জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি, কয়েকজন বিদেশি হত্যাকাণ্ডসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিরোধীদলের উপর সরকারের দমন-পীড়ন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, তৈরি পোশাক শিল্প এবং সন্ত্রাস ও উগ্রবাদ দমন নিয়ে যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তার সঙ্গে বিএনপি প্রধানের আলোচনা হয়েছে।
তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে বিএনপি নেতাদের কেউ রাজি হননি।
শ্যাননের সাক্ষাতের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
“আমি স্পষ্ট করে বলেছি, বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। যে বিষয়টি গুরত্বপূর্ণ তা হচ্ছে- এখানে মানুষের যে ইচ্ছা সেটি নির্ভয়ে নিরপেক্ষভাবে তাদের প্রকাশ করার সুযোগ দিতে হবে এবং একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালীকরণের মাধ্যমে আমরা এদেশের উন্নয়ন প্রক্রিয়াকে জোরদার করতে পারি।”
এর আগে গুলশানে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন শ্যানন।
তার সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল ও দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মানপ্রিত সিং আনন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাত শেষে শ্রীলংকার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পথে রওনা হন শ্যানন।
