২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে রুল

চার মাস আগে সরকারের গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 01:46 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা  হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ সোমবার এ রুল দেয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং এর চেয়ারম্যাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৭ অগাস্ট বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। ১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর করা হয়।

৭ সেপ্টেম্বর ক্যাবের পক্ষ থেকে এই রিট আবেদন করা হয়।

১৯ অক্টোবর আবেদনটি শুনানির জন্য অবকাশকালীন বেঞ্চে ওঠে। পরে অবকাশকালীন একটি দ্বৈত বেঞ্চ আবেদন নিয়মিত বেঞ্চে উপস্থাপনের পরামর্শ দেয়।

এরপর আবেদনকারীপক্ষ নিয়মিত বেঞ্চে আবেদনটি নিয়ে যায়, যার ওপর শুনানি নিয়ে আদালত রুল দিল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সাইফুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

আদেশের পর সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখনই গ্যাস বা বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়, তখন আইন অনুযায়ী গণশুনানির ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়।

“কিন্তু এক্ষেত্রে ৯০ দিনের বেশি সময় পার হওয়ার পর দাম বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে।”

মূ্ল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিইআরসিতে  ৯ সেপ্টেম্বর পৃথক আবেদন করেছিল ক্যাব। এই আবেদনে কোনো সিদ্ধান্ত না হওয়ায় নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাব হাই কোর্টে রিট আবেদনটি করে।

পুর্নবিবেচনার আবেদনে বিষয়ে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে বলে জানান সাইফুল ইসলাম।

পুরনো খবর:

বেড়েছে গ্যাস-বিদ্যুতের দাম