২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামো উন্নয়ন সবার আগে: কৌশিক বসু

বাংলাদেশের অর্থনেতিক প্রবৃদ্ধি ২০২০ সালের মধ্যে ৮ শতাংশে নিয়ে যাওয়ার জন্য বিনিয়োগ ও সঞ্চয় বাড়ানোর পাশাপাশি অবকাঠামো উন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 10:00 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

রোববার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক গণ বক্তৃতায় তিনি একথা বলেন।

বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনায় বিশ্বব্যাংকের সিনিয়র এই ভাইস প্রেসিডেন্ট বলেন, “নাম্বার ওয়ান ইমপর্ট্যান্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার- ভালো বন্দর থাকতে হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে।

“ব্যবসায়িক নীতিতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে হবে। বহুজাতিক কোম্পানিকে আসার সুযোগ করে দিতে হবে, তবে সেটি (বহুজাতিক কোম্পানির বিনিয়োগ) হতে হবে দেশের স্বার্থ রক্ষা করে।”

বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব বোঝাতে বামফ্রন্টশাসিত পশ্চিমবঙ্গের উদাহরণ টানেন এই বাঙালি অর্থনীতিবিদ।

তিনি বলেন, “ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম) ৩৩ বছর ক্ষমতায় ছিল। এ সময় তারা শ্রমিকদের উন্নয়নে অনেক কাজ করেছে। কিন্তু বিনিয়োগের বিষয়ে তারা উদার ছিল না।”

একে বিবেচনায় নিয়ে উন্নয়নের জন্য কৌশল ঠিক করার পরামর্শ দিয়ে কৌশিক বসু বলেন, “এজন্য আপনাদের নিজস্ব নীতি ঠিক করতে হবে। সবাইকে বসে একটি ভালো উন্নয়ন নকশা (গুড ডিজাইন) তৈরি করতে হবে। সুন্দর ডিজাইন করা গেলে অপচয় ও দুর্নীতিও কমবে।”

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের তরুণ জনশক্তিকে কাজে লাগানোর পরামর্শ তিনি বলেন, “বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যুগে প্রবেশ করেছে। প্রচুর তরুণ জনগোষ্ঠী রয়েছে এদেশের। এই তরুণদের ঠিকমত শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান দিতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এজন্য দরকার সহজ ব্যবসায়িক নীতি, যাতে বেসরকারি খাতে বিনিয়োগ আসতে পারে।”

২০১২ সালে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব নেওয়া কৌশিক বসুর বক্তব্যের বিষয় ছিল ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোহিতা: সমস্যা ও সম্ভাবনা’।

৪৫ মিনিটের বক্তৃতার শুরুতে তিনি বিশ্বায়ন নিয়ে কথা বলেন।

বাংলাদেশকে ‘এশিয়ান টাইগার’ মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এখন বিশ্বায়নে প্রবেশ করেছে বাংলাদেশ। বিশ্বায়নের ভালো বা মন্দ নিয়ে অনেক বিতর্ক আছে, তবে আপনি পছন্দ করেন বা না করেন তার ওপর এটি নির্ভর করে না। বিশ্বায়নের সাথে আপনি জড়িয়ে গেছেন। তথ্য-প্রযুক্তি বিশ্বায়নকে আরও ত্বরান্বিত করেছে।”

চীন, ভারতের মতো বাংলাদেশ বিশ্বায়ন থেকে সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলর জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশের রপ্তানি বেড়েছে। ১৯৯২ সালে জিডিপির ৮ ভাগ রপ্তানি আয় হত। এখন সেটি ২০ শতাংশে চলে গেছে। কিন্তু এর সঙ্গে বিশ্বায়নের চ্যালেঞ্জও বেড়েছে।

“এজন্য বিশ্বায়ন থেকে যে চ্যালেঞ্জ আসতে পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে। ইউরোপ, চীন, ভারতে সমস্যা হলে বাংলাদেশেও তার প্রভাব পড়বে।”

বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবস্থাপনা একটি শিল্প বলে মনে করেন কৌশিক বসু।

বর্তমানে বাংলাদেশের ২৭ বিলিয়ন ডলারের যে রিজার্ভ রয়েছে তার ব্যবস্থাপনা খুবই কঠিন কাজ বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে ১৯৯১ সালে অব্যবস্থাপনার জন্য ভারতের বৈদেশিক মুদ্রার মজুদের সংকটের বিষয়টি তুলে ধরেন ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, ওই সময় ভারতের নীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ভারতীয়রা বৈধ পথে টাকা পাঠানো বন্ধ করে দেয়। ফলে ভারতের রিজার্ভ নেমে আসে মাত্র ১৩ দিনের আমদানি ব্যয় মেটানোর অবস্থায়।

“এজন্য আপনার নীতি ঠিক করা জরুরি।”

কলকাতায় জন্ম নেওয়া কৌশিক বসু বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন। এক্ষেত্রে ১৯৯২ সালের সঙ্গে ২০১৫ সালের তুলনা করেন তিনি।

কৌশিক বসু বলেন, “আমি ১৯৯২ সালের কথা বলছি এজন্য যে, আমি ওই সময়ে বাংলাদেশে ছিলাম। ওই সময় বাংলাদেশের মাথাপিছু আয় যা ছিল সেটি এখন দ্বিগুণেরও বেশি বেড়েছে, বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা।”

“১৯৯২ সালে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) হার ছিল জিডিপির দশমিক শূন্য ১ শতাংশ, যা আসলে উল্লেখ করার মত কিছু না। বর্তমানে এফডিআই জিডিপির প্রায় ১ শতাংশ, বেড়েছে বিনিয়োগ ও সঞ্চয়ের হারও।

“১৯৯২ সালে বিনিয়োগের হার ছিল জিডিপির ১৭ শতাংশ, যা এখন ২৭ শতাংশ। সঞ্চয়ও একইভাবে বেড়েছে।”

বিনিয়োগ ও সঞ্চয়ের হার বাড়িয়ে ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে নিতে পারলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ অর্জিত হবে বলে মনে করেন তিনি।

সামাজিক সূচকে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে তা উন্নয়নশীল দেশগুলোর অনুসরণ করার মতো বলে মনে করেন বিশ্ব ব্যাংকের এই ভাইস প্রেসিডেন্ট।

“এখানে দারিদ্র্য কমেছে দ্রুত হারে। এছাড়া আয়ু বেড়েছে, শিশু মৃত্যুহার কমেছে। এসব বিষয়ে ভারতের চেয়েও ভালো করেছে বাংলাদেশ।

“১৯৯২ সালে বাংলাদেশের গড় আয়ু ছিল ৬১ বছর, এখন সেটি বেড়ে ৭১ বছর হয়েছে। ওই সময়ে শিশু মৃত্যুহার ছিল হাজারে ৯২ জন। আর ভারতের ছিল ৮২ জন। এখন বাংলাদেশে সেটি কমে ৩১ জনে নেমেছে। আর ভারতে তা নেমেছে ৩৮ এ।”

ঢাকা শহরের যানজট মূলত উন্নয়নের সমস্যা বলে মন্তব্য করেন কৌশিক বসু। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তৃতা শেষে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন কৌশিক বসু।

জ্বালানি নিরাপত্তা বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জ্বালানিতে বিশেষজ্ঞ নই। তবে এটা বলতে পারি, আধুনিক শিল্প ও কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে হলে জ্বালানি চাই। এখন অনেক দেশ যৌথভাবে জ্বালানি প্রকল্প নিচ্ছে। বাংলাদেশও এক্ষেত্রে নেপাল, ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ প্রকল্প নিতে পারে।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তা তৈরির জন্য, ব্যবসাকে সহজ করার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করব। কারণ শুধু শিক্ষা দিয়ে উদ্যোক্তা হয় না, এজন্য পরিবেশ দরকার হয়।”

সরাসরি বিদেশি বিনিয়োগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে আপনাকে ঠিক করতে হবে আপনি এফডিআই চান কি না। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল কিন্তু বিনিয়োগকারী হিসেবে। এজন্য সরকারকে ব্যবসায়িক নীতি ঠিক করতে হবে।”

ধনী-দরিদ্রের বৈষম্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি সারা বিশ্বের সমস্যা। আমেরিকাতেও আছে। ভারত, চীনেও আছে। তবে এ কাজটি সহজ করার জন্য ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। শিক্ষা ও দক্ষতা বাড়াতে হবে।”

বিশ্ব ব্যাংক, আইএমএফ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন সংস্থা ও দেশ নানা সময়ে বাংলাদেশকে নানা ধরনের পরামর্শ দিয়ে থাকে।

কার পরামর্শ বাংলাদেশের নেওয়া উচিত- এ প্রশ্নের জবাবে কৌশিক বসু বলেন, “এটি আপনাকেই ঠিক করতে হবে। বাংলাদেশে প্রচুর শিক্ষিত জনগোষ্ঠী আছে। আছেন উঁচু স্তরের বিশ্লেষক। সবাই মিলে বসুন। ঠিক করুন।”

বৈদেশিক মুদ্রার মজুদের সর্বোচ্চ মাত্রা কী হওয়া উচিত- তা জানতে চান একজন।   

তার জবাবে কৌশিক বসু বলেন, “এটি পরিস্থিতির ওপর নির্ভর করে। অনেকেই এখন রিজার্ভ বাড়াচ্ছে। বাংলাদেশও সেক্ষেত্রে রিজার্ভ ধরে রাখতে বা বাড়াতে পারে। তবে সতর্ক থাকতে হবে।”

বার্ট্রান্ড রাসেল ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও দর্শন, নজরুল ইসলামের কবিতা পড়ে ভালো লাগে বলে জানান কৌশিক বসু। অমর্ত্য সেনের কথা অর্থনীতিবিদ হতে অনুপ্রেরণা যুগিয়েছে বলে জানান তিনি।