রাউজানে বিনা ভোটে আ. লীগের ১২ জন কাউন্সিলর
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরপরই চট্টগ্রামের রাউজান পৌরসভার সবকয়টি কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ১২ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রাউজানের রিটার্নিং কর্মকর্তা কুল প্রদীপ চাকমা রোববার বিকাল ৫টার পর
পৌরসভার নয়টি সাধারণ এবং তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
রাউজানে মেয়র পদে বিএনপির প্রার্থী থাকলেও ১২টি কাউন্সিলর পদে দলটির কোনো নেতা-কর্মীর মনোনয়নপত্র জমা পড়েনি। সেখানে কাউন্সিলর পদে বিএনপির লোকদের মনোনয়নপত্র তুলতে ও জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে দলটির এক নেতা অভিযোগ করেছেন।
কয়েকটি কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থক ও নির্দলীয় প্রার্থীরা থাকলেও শেষ পর্যন্ত সবাই সরে দাঁড়িয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের একজন বলেছেন, “দুয়েকজন কাউন্সিলর প্রার্থীকে বুঝিয়ে শুনিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে।”
রাউজানের উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমাযুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ কাউন্সিলর পদে চারজন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে দুইজন প্রার্থী রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের পর সব কাউন্সিলর পদেই একক প্রার্থী হয়ে গেছে।
“এ কারণে বিকেল ৫টায় প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা নয়টি কাউন্সিলর পদে এবং তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে থাকা প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন।”
চাপ বা হুমকিতে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারে ‘বাধ্য’ হয়েছেন কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, “কেউ কোনো অভিযোগ করেননি।”
এর আগে গত ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাউজানের পাঁচটি সাধারণ কাউন্সিলর ও একটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থক একজন করে প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী ছিলেন না।
ওই দিন যোগাযোগ করা হলে রাউজান পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি সমর্থিত কোনো কাউন্সিলর প্রার্থী রাউজান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি। কেউ কেউ নগরী থেকে সংগ্রহ করে। কিন্তু আর জমা দিতে পারেনি।”
বাকি চারটি সাধারণ ওয়ার্ডে আটজন এবং দুটি নারী কাউন্সিলর পদে চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন কি না তা নিয়ে তখন থেকেই এলাকায় আলোচনা চলছিল।
রাউজানের ৯ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুয়েকজন প্রার্থী ছিলেন। তাদের বুঝিয়ে শুনিয়ে প্রত্যাহার করানো হয়েছে। কোনো সমস্যা হয়নি।”
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত অন্য কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আলমগীর আলী, ২ নম্বর ওয়ার্ডে বশির উদ্দিন খান, ৩ নম্বর ওয়ার্ডে কাজী মো. ইকবাল, ৪ নম্বর ওয়ার্ডে শওকত হাসান, ৫ নম্বর ওয়ার্ডে জানে আলম জনি, ৬ নম্বর ওয়ার্ডে সমীর দাশগুপ্ত, ৭ নম্বর ওয়ার্ডের আজাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে দিলীপ চৌধুরী।
সংরক্ষিত কাউন্সিলর পদে ১, ২ ও ৩ ওয়ার্ডের নাছিমা আকতার, ৪,৫ ও ৬ ওয়ার্ডের মোছাম্মত জেবুন্নেছা এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের জান্নাতুল ফেরদৌস ডলি নির্বাচিত হয়েছেন।
