লতিফের ১৭ মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল
হজ ও তাবলিগ জামায়াত নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা ১৭ মামলার কার্যক্রমে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছে হাই কোর্ট।
স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির জন্য লতিফ সিদ্দিকীর করা আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে ১৭ মামলায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়। আদালত রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১৭ মামলায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করার আদেশ দিয়েছে।
চলতি বছরের ২৩ জুন হাই কোর্ট দশ মামলায় লতিফকে অন্তবর্তীকালীন জামিন দেওয়ার পাশাপাশি মামলাগুলোর কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি এসব মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেয় আদালত।
এর আগে ২৬ মে সাত মামলায় হাই কোর্ট একই অভিযোগে করা সাতটি মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে।
গত বছর ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করেন তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা হয়।
বিভিন্ন ইসলামপন্থি দলের আন্দোলনের হুমকি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার মুখে লতিফকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।
২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। হাই কোর্ট থেকে জামিন লাভের পর তিনি কারামুক্তি পান।
