বুদ্ধিজীবী ও বিজয় দিবসে গাড়ি চলাচলের রোডম্যাপ
শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসে রাজধানীসহ আশেপাশের এলাকার বেশ কয়েকটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
এর মধ্যে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুবিধার জন্য বিভিন্ন ধরনের যানবাহনকে সাড়ে তিন ঘণ্টা বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে স্মৃতি সৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর সুবিধার্থে ভোর ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহনকে মাজার রোড ক্রসিং থেকে মিরপুর-১ নম্বর ক্রসিং পরিহার করার জন্য অনুরোধ জানান কমিশনার।
মিরপুর এলাকায় যাতায়াতের বিকল্প
আশুলিয়ার দিক থেকে বেঁড়িবাধ দিয়ে মিরপুরগামী যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বায়ে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করতে পারবে।
আবার মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা যেতে চাওয়া যানবাহন টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম রোড ব্যবহার পারবে।
এছাড়া মিরপুর-১০ নম্বর থেকে গাবতলীর দিকে যাতাযাতকারী যানবাহনের জন্য মিরপুর-১ নম্বর থেকে দারুস সালাম রোড দিয়ে টেকনিক্যাল মোড় হয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে।
বিজয় দিবসের রোডম্যাপ
১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ঘিরে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
কুচকাওয়াজের সময় প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য সব যানবাহনকে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
প্যারেড স্কয়ার এলাকায় যেসব সড়ক পরিহার করতে বলা হয়েছে- খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত। শ্যামলী শিশু মেলা ক্রসিং হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত। বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং হয়ে ক্রিসেন্ট লেক-গণভবন ক্রসিং পর্যন্ত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।
এছাড়া কুজকাওয়াজে আসা অতিথিদের আমন্ত্রণ পত্রের সঙ্গে সরবরাহ করা ক-বিশেষ, ক-১, ক-২, সক-১, শ, বিনা, সক-২, সব, ম-১, ম-২ ও সম অক্ষরের স্টিকারযুক্ত সব যানবাহনকে বেগম রোকেয়া সরণি হয়ে আমন্ত্রণপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে বলা হয়েছে।
অতিথিদের কর্তব্যরত ট্রাফিক পুলিশের নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং এবং চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিজয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পুষ্পাঞ্জলি অর্পণের জন্য ভোর সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত যানবাহনকে গাবতলী আমিন বাজার ব্রিজ হয়ে সাভার সড়ক ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
এজন্য বিকল্প পথে ঢাকা বিমানবন্দর সড়ক- আব্দুল্লাহপুর ক্রসিং- আশুলিয়া সড়ক হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
একইভাবে আরিচা থেকে আমিন বাজার হয়ে যারা ঢাকায় আসবেন তাদের নবীনগর বাজার-আশুলিয়া সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে। এছাড়া টাঙ্গাইল-আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহকে কালিয়াকৈর- গাজীপুর চৌরাস্তা- টঙ্গী সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এই দুই জাতীয় দিবসের কর্মসূচির সময়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে ঢাকা মহনগর পুলিশের ট্রাফিক বিভাগ।
