২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় জয়ের গল্প শোনালেন সাত তরুণ-তরুণী

হিমালয়ের ‘কেয়াজো-রি’ পর্বতের চূড়ায় উড়ানো দেশের পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করেছেন অভিযানে অংশ নেওয়া সাত তরুণ-তরুণী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 01:58 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে. চৌধুরীর হাতে পতাকা তুলে দেন তারা।

‘বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’র পরিচালনায় ও এভারেস্ট জয়ী এম এ মুহিতের নেতৃত্বে গত ২৭ অক্টোবর নেপালের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন দেশের ছয় তরুণ অভিযাত্রী, যাদের দুইজন ছিলেন নারী।

এই অভিযাত্রী দলের অপর সদস্যরা হলেন-শায়লা পারভীন, ফৌজিয়া আহমেদ, কাজি বাহলুল মজনু, ইকরামুল হাসান শাকিল, নূর মোহাম্মদ ও শামীম তালুকদার।

প্রায় ১০ দিনের চেষ্টায় ৭ নভেম্বর কাজি বাহলুল মজনু, ইকরামুল হাসান শাকিলকে নিয়ে এভারেস্টের দক্ষিণ পশ্চিমে ২০ হাজার ২৯৫ ফুট উচ্চতার ‘কেয়াজো-রি’ শিখরে আরোহণ করেন এভারেস্টজয়ী মুহিত।

শুক্রবার আন্তর্জাতিক পর্বতারোহণ দিবসে ‘কেয়াজো-রি’ চূড়া ছুঁয়ে আসা পতাকা অতিথিদের কাছে প্রত্যর্পণের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতাও তুলে ধরেন অভিযাত্রীরা।

তরুণ পর্বতারোহী দলকে অভিনন্দন জানিয়ে রাশেদা কে চৌধুরী বলেন, “তোমাদের এই বিজয়ে গোটা জাতি আজ গর্বিত। উই আর প্রাউড অব ইউ। বাংলাদেশ এক সময় অনেক কিছুতেই পিছিয়ে ছিল, আর এখন অনেক ক্ষেত্রেই এগিয়ে গেছে। এসব ক্ষেত্রে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

“ক্রিকেটের পৃষ্ঠপোষকতা দেওয়ার পর তারা সুনাম কুড়িয়েছে। শারীরিক প্রতিবন্ধীরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে স্বর্ণপদক অর্জন করেছে। এখন মনে হয় পর্বতারোহণের দিকে দৃষ্টি দেওয়ার সময় এসেছে।”

নারী পর্বতারোহীদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, “নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি আজকের অনুষ্ঠানে থাকা প্রয়োজন ছিল। তাহলে নির্বাচনে নারী প্রার্থীদের জন্য চুড়ি, ফ্রক ও চুলার মতো অবমাননাকর প্রতীক বরাদ্দ দিত না।”

এবারের পৌর নির্বাচনে নারী প্রার্থীদের জন্য গ্যাসের চুলা, চুড়ি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, কাঁচি, চকলেট, মৌমাছি, আঙুর ও হারমোনিয়াম প্রতীক হিসেবে রাখা হয়েছে। এসব প্রতীকের কয়েকটি নিয়ে আপত্তি এসেছে বিভিন্ন মহল থেকে।

অভিযাত্রার বর্ণনা

দলনেতা মুহিত সাংবাদিকদের কাছে তাদের ১০ দিনের অভিযানের সংক্ষিপ্ত বর্ণনা ও আলোকচিত্র উপস্থাপন করেন।

তিনি বলেন, অভিযাত্রী দল ৩০ অক্টোবর পর্বতারোহণের উদ্দেশ্যে নয় হাজার ৩১৭ ফুট উঁচুতে অবস্থিত হিমালয়ের লকলা বিমানবন্দরে যায়। সেখান থেকে প্রায় ৫০ কিলোমিটার পায়ে হেঁটে ৪ নভেম্বর ১৪ হাজার ৭০০ ফুট উচ্চতায় বেস ক্যাম্পে পৌঁছে।

দুই দিনের প্রচেষ্টায় দুই হাজার ৫০০ ফুট উচ্চতা অতিক্রম করে ৬ নভেম্বর হাইক্যাম্প (১৭ হাজার ২০০ ফুট উচ্চতায়) স্থাপন করে। দুই নারী সদস্য বেস ক্যাম্প ও হাই ক্যাম্পের মাঝামাঝি স্থানে থেকে যান। প্রথমবার ‘কেয়াজো-রি’গামী শায়লা ও ফৌজিয়া ১৫ হাজার ফুট উচ্চতায় উঠতে পেরেছিলেন।

হাই ক্যাম্প থেকে ৭ নভেম্বর রাত ১টায় শুরু হয় চূড়ান্ত অভিযাত্রা।

গাইড দা কিপা শেরপা ও কিলি পেম্বা শেরপাকে নিয়ে বাংলাদেশের পাঁচ পর্বতারোহী চূড়ান্ত অভিযাত্রা শুরু করেন। তবে সেই যাত্রাপথে জীবন সঙ্কটাপন্ন হওয়ায় নূর মোহাম্মদ ও শামীম তালুকদার থেমে যান।

প্রায় ১৬০০ ফুট দীর্ঘ বিপজ্জনক পাথরের দেয়াল ও বোল্ডার পার হয়ে এবং প্রায় ১৫০০ ফুট খাড়া হিমবাহের দেয়াল আইস-অ্যাক্স, ক্রাম্পন ও জুমারের সাহায্যে আরোহন শেষে ৭ নভেম্বর নেপালের সময় সকাল সাড়ে ১১টায় তিন পর্বতারোহী এমএ মুহিত, কাজি বাহলুল মজনু ও ইকরামুল হাসান শাকিল ‘কেয়াজো-রি’ শীর্ষে ওঠেন।

পুরনো খবর:

দুই পর্বত জয়ে যাচ্ছে বাংলাদেশি পর্বতারোহী দল