২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ভুয়া পিএস রিমান্ডে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ব্যক্তিগত সচিব (পিএস) পরিচয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমানকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আমজাদকে দুই দিন গোয়েন্দা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 09:37 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. মারুফ হোসেন এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরীফ সাফায়েত হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শহিদুল ইসলাম নামে আটক আমজাদের সহযোগীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।  

সাফায়েত জানান, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুর রহমান এই দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে হেফাজতে নেওয়ার আবেদন করেন।

গত ২ ডিসেম্বর বিকালে রাজধানীর জিগাতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানা গেছে, তাদের একজন নিজেকে রাষ্ট্রপতির পিএস পরিচয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে (সিএমএম) মোবাইলে ফোন করে দারুস সালাম থানার একটি মামলায় জব্দকরা দুটি গাড়ি মশিউর রহমান নামে এক ব্যক্তিকে ফেরত দিতে তদবির করেন।

তারা হুমকি দিয়ে বলেন, গাড়ি ফেরত না দিলে সমপরিমাণ চাঁদা দিতে হবে। আর চাঁদা দিতে না পারলে এই পদে তিনি থাকতে পারবেন না ।

বিষয়টি পুলিশকে জানানোর পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শুরু করে। কোতয়ালী থানায় মামলা হয়। পরে দুজনকে জিগাতলা থেকে গ্রেপ্তার করা হয়।

ওই দুই আসামি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পিএস ও ছেলে পরিচয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন থানায় পুলিশকে এবং বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করে আসছিল।