২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অতি স্বাধীনতা' ভালো না: মিজানুর

মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করতে দেওয়া যাবে না মন্তব্য করে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা ভালো হলেও অতি স্বাধীনতা ভালো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 08:27 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, "মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করতে দেওয়া যাবে না। আমাদের স্বাধীনতার জায়গাটিকে আরও প্রশস্ত রাখতে হবে।

“বাক স্বাধীনতা-মত প্রকাশের স্বাধীনতা ভালো, কিন্তু অতি স্বাধীনতাও ভালো না। আজকে আমাদের এ বিষয়টি চিন্তা করার সময় হয়েছে।”

রাজধানীর বাংলা একাডেমিতে 'মত প্রকাশের স্বাধীনতা, ধর্মতন্ত্র ও মানবাধিকার: এ সময়ের বাংলাদেশে' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক রোকেয়া চৌধুরী।

নাগরিকদের মত প্রকাশ ও চলাফেরাসহ যে কোনো ধরনের স্বাধীনতা যেন কোনোভাবে সংকুচিত না হয় সেজন্য সেমিনারে রাষ্ট্রকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর।

তিনি বলেন, "নাগরিকদের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, সেটি রাষ্ট্রকে গুরুত্বের সঙ্গে পালন করতে হবে।

"মত প্রকাশের স্বাধীনতা কিছু দিনের জন্য বন্ধ করা গেলেও এটাকে মূলে বন্ধ করা যায় না, আমাদের রাষ্ট্রকে অবশ্যই সেটি মনে রাখতে হবে।"

কোনো নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতার সঙ্গে তার মর্যাদা 'নিবিড়ভাবে' জড়িত বলে মন্তব্য করেন তিনি।

মিজানুর বলেন, “কখনও যদি আমার স্বাধীনতা হরণ করা হয়, তাহলে আমার মর্যাদা ক্ষুণ্ণ করা হবে। যদি মর্যাদা ক্ষুণ্ন করা হয় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে পারব না।”

অনলাইনে মুক্তমনা লেখকদের বিষয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম 'ভ্রান্ত্র ধারণা' তৈরি করেছে বলে অভিযোগ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, “কিছু কিছু সংগঠন এবং ব্যক্তির বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়াগুলো ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছে। তার উদাহরণ হচ্ছে- ব্লগার।

“আজকে বাংলাদেশে ব্লগার বলতে একটা নেতিবাচক ধারণা পোষণ করা হয়। এ ধারণার পিছনে কাদের অবদান বেশি, কেন ব্লগারদের সম্পর্কে এতো নেতিবাচক ধারণা পোষণ করা হচ্ছে। আমরা কেন আমাদের মূল জায়গা থেকে এত বিচ্যুত হয়ে গেছি?"

নিরাপত্তা সমস্যাকে বর্তমানে মানুষের 'সবচেয়ে চিন্তার বিষয়' মন্তব্য করে এর সমাধানে রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনার কথা বলেন মিজানুর।

তিনি বলেন, "একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমাদের রাষ্ট্র এবং জনগণ যেভাবে আমরা এক হয়ে গিয়েছিলাম, সে রকম দূরত্ব কমিয়ে এনে আমাদের রাষ্ট্রকে কিভাবে মানববান্ধব, জনবান্ধব করা যায় সেটি বোধ হয় আমাদের চিন্তা করা দরকার।”

রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব কমে এলে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি 'মডেল' হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে মনে করেন এনএইচআরসি চেয়ারম্যান।

সেমিনারে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, “আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি যে চিন্তার বিষয় সেটি হচ্ছে- আমরা কারও ধর্মীয় অনভূতিতে আঘাত করছি কি না? মুসলিম প্রধান দেশ হওয়ায় সেটি আমাদের আরও বেশি গুরুত্বের সঙ্গে দেখতে হচ্ছে। আজকে সারা পৃথিবীর যে রাজনীতি চলছে, সেটিকে আরও ভীষণভাবে উসকে দিচ্ছে ।”

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আমরা শুধু ভৌগলিক একটা ভূখণ্ড চাইনি। আমরা চেয়েছি এমন একটা দেশ যেটি আমাদের নিজের-এখানে গণতন্ত্র থাকবে, জাতিগুলোর নিজস্ব পরিচয় থাকবে। "

ধর্ম নিরপেক্ষ একটি দেশে সব মানুষের সমান মর্যাদা ও অধিকার ভোগের আশা থাকলেও সেটি ঠিকভাবে এগোয়নি বলে মন্তব্য করেন সুলতানা কামাল।

তিনি বলেন, "আজকে আমাদের সংবিধানে এক দিকে বলছি আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অন্যদিকে বলছি আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম। অর্থাৎ আমরা যা হয়ে জন্মগ্রহণ করেছি সেভাবে আমরা রূপান্তরিত হতে পারছি না। উল্টো পথে রূপান্তরিত হচ্ছি।”

সেমিনারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক গীতি আরা চৌধুরী ও খালেদ মাহিউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।