২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণশুনানি হবে সরকারি সব সেবা খাতে: দুদক চেয়ারম্যান

জনগণকে সহজ ও স্বচ্ছভাবে সেবা দেওয়া নিশ্চিত করতে সরকারের সব সেবা খাত নিয়ে গণশুনানির আয়োজন করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এম বদিউজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 07:16 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার রাজধানীতে কয়েকটি এলাকার ভূমি ও সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সেবা নিয়ে গণশুনানিতে এ পরিকল্পনার কথা বলেন তিনি।

“ভূমি ও সাব-রেজিস্ট্রি অফিসের সঙ্গে জনগণের সম্পৃক্ততা অনেক বেশি থাকায় এই বিভাগ নিয়ে গণশুনানি শুরু হল। পর্যায়ক্রমে সরকারের প্রতিটি বিভাগকে গণশুনানির আওতায় এনে জনগণের মুখোমুখী করা হবে।”

বদিউজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ভূমি ও সাব-রেজিস্ট্রার অফিস ও সেবাগ্রহীতাদের নিয়ে গণশুনানি হচ্ছে। এর মানে কিন্তু এই নয় যে, সরকারের অন্য কোনো অফিসে অনিয়ম হচ্ছে না।

 “আমরা এই বিষয়ে চিন্তা-ভাবনা করছি। শুধু দুদক নয়, জেলা-উপজেলা পর্যায়ে যে সব সরকারি অফিস রয়েছে, তাদের উর্ধ্বতন কর্মকর্তারা নিজ উদ্যোগে গণশুনানির আয়োজন করতে পারেন।”

ওসমানী স্মৃতি মিলনায়তনে গুলশান, তেজগাঁও ও সূত্রাপুরের ভূমি ও সাব রেজিস্ট্রি কার্যালয়ের সেবা নিয়ে এই শুনানি হয়।

দুদকের তফসিলভুক্ত অপরাধের মধ্যে জমিজমা ও দলিল সংক্রান্ত জাল-জালিয়াতি অন্তর্ভুক্ত। এতোদিন নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে এসব বিষয়ে অভিযোগগুলো নিষ্পত্তি করা হতো; এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে গণশুনানি।

এর আগে ময়মনসিংহ, সাভার ও চকরিয়ায় গণশুনানি হলেও ঢাকায় প্রথমবারের মতো শুনানি হলো।

গণশুনানিতে দুদক কমিশনার এম সাহাবুদ্দিন বলেন, “এ যাবত যেসব জায়গায় গণশুনানি হয়েছে, তার প্রতিক্রিয়া অত্যন্ত আশাব্যঞ্জক। যেসব অফিস থেকে সরকারি সেবা দেওয়া হয়, সেসব অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে জবাবদিহিতার মুখোমুখী করতে এই গণশুনানির আয়োজন করেছি আমরা।”

দুদকের অপর কমিশনার নাসিরুদ্দিন আহমেদ বলেন, “সরকারি সেবা পাওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এই গণশুনানি বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।”

বৃহস্পতিবারের গণশুনানিতে অংশ নেন ঢাকার তিন এলাকার ভূমি ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও সেবা গ্রহীতারা।  

সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকাগুলোর সেবাগ্রহীতারা দলিল লেখা, দলিল রেজিস্ট্রি, নামজারি, নকল ও পর্চা ইত্যাদি বিষয়ে প্রশ্ন ও অভিযোগ মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানান।

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মো. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সেবাগ্রহীতাদের প্রশ্ন ও অভিযোগগুলোর উত্তর দেন সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তারা।

গণশুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাইকার উপদেষ্টা হিরোকি তাওয়ানাবে ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন।