২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংস্কৃতিক জোটের ৮ দিনের বিজয় উৎসব শুরু ১৩ ডিসেম্বর

আগামী ১৩ ডিসেম্বর থেকে আট দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 07:00 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে জোটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উৎসব আহ্বায়ক জোট সভাপতি গোলাম কুদ্দুছ।

'যুদ্ধাপরাধীদের বিচারের পথে, জঙ্গিবাদকে দাঁড়াও রুখে’ স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিজয় উৎসবের উদ্ধোধন হবে ১৩ ডিসেম্বর বিকাল ৪টায়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম উৎসবের উদ্ধোধন করবেন বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

লিখিত বক্তব্যে উৎসব আহ্বায়ক কুদ্দুছ বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় ১৪টি মঞ্চে একযোগে চলবে এ উৎসব। প্রতিদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে নাচ, গান, আবৃত্তি, নাটক, চলচ্চিত্র ও আলোচনাসহ নানা আয়োজনে রাত ৮টা পর্যন্ত চলবে।

বিজয় উৎসবের কর্মসূচি- কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজন উদ্বোধনী দিন থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

১৪ ডিসেম্বর বিকাল ৪টায় রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ মঞ্চে বুদ্ধিজীবী হত্যা দিবসের আলোচনা। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা।

এছাড়া ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ধানমন্ডির রবীন্দ্র সরোবর, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি), মিরপুর মুকুল ফৌজ মাঠ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ, প্রভাত মাঠ, সুবল দত্ত ও টিঅ্যান্ডটি কলোনি মঞ্চে থাকবে নানা আয়োজন।

দনিয়া বর্ণমালা স্কুল ও কলেজ প্রাঙ্গণ সংলগ্ন সড়ক মঞ্চে ১৬ থেকে ১৮ ডিসেম্বর, উত্তরা রবীন্দ্রস্মরণি মঞ্চে ১৭ থেকে ১৮ ডিসেম্বর, বাহাদুর শাহ্ পার্ক মঞ্চে ১৯ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান চলবে।

সংবাদ সম্মেলনে জোট সভাপতি গোলাম কুদ্দুছ ছাড়াও সহ-সভাপতি ফকির আলমগীর, সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্য ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার ও আবৃত্তিশিল্পী মাসকুর এ সাত্তার কল্লোলসহ অন্যরা উপস্থিত ছিলেন।