রাজধানীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র্যালি
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার।
বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই র্যালির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারের ব্যানারে আয়োজিত এই র্যালি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
সাপোর্ট সেন্টারের চেয়ারম্যান আইনজীবী আবু তাহের মোহাম্মদ আব্দুল গফরের সভাপতিত্বে র্যালিতে ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, মহি উদ্দিন, গবেষণা ও প্রকাশনা কর্মকর্তা মো. ওমর ফারুক, মনিটরিং অফিসার মো. রাজিব উদ্দিনসহ অন্যরা অংশ নেন।
মানববন্ধন শেষে এক সমাবেশে আইনজীবী আবু তাহের মোহাম্মদ আব্দুল গফর বলেন, “দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের চরম প্রতিযোগিতা চলছে।
“ঘরে-বাইরে সাধারণ মানুষের যেন কোথাও কোনো নিরাপত্তা নেই। এমনকি বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রও হুমকির মুখে রয়েছে।”
এ অবস্থায় মানুষের সব অধিকার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
