দুদক'র একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ইফতেখারুজ্জামান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় মন্তব্য করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ইখতেখারুজ্জামান বলেছেন, এ কাজে জাতীয় সংসদসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূরক ভূমিকা পালন করতে হবে।
বুধবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এক মানববন্ধনে তিনি বলেন, "দুদক শুধু একাই দুর্নীতি নিয়ন্ত্রণ করে না বা করতে পারে না। এতে সরকার, প্রশাসন, জাতীয় সংসদ এবং আরও যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাদেরও সম্পূরক ভূমিকা পালন করতে হয়।”
'জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই' স্লোগানে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে দুদকের বিভিন্ন স্তরে 'ব্যাপক সংস্কারের' দাবি জানান টিআইবি'র নির্বাহী পরিচালক ইখতেখারুজ্জামান।
বুধবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় টিআইবি'র মানববন্ধন
"সেটি করতে পারলেও দুদকের উপর যে দায়িত্ব দেওয়া আছে সেটি পালন করা সম্ভব হবে। দুর্নীতি বাস্তবেই যে একটি শাস্তিযোগ্য অপরাধ, সেটি প্রতিষ্ঠা করার মতো একটি পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।”
দুর্নীতি প্রতিরোধে কাজ করতে গিয়ে দুদক'কে সব সময় রাজনৈতিক ও প্রশাসনিক চাপসহ বিভিন্ন ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপের মুখোমুখি হতে হয় বলে স্বীকার করেন ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, “আমাদের মত উন্নয়নশীল দেশে দুদকের মত প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন ধরনের চাপ থাকবে।এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে।"
বিভিন্ন ধরনের চাপ থাকা সত্ত্বেও দুদক'র বর্তমান আইনি এখতিয়ার অনুযায়ী সংস্থাটির আরও সক্রিয় হয়ে কার্যকর ভূমিকা পালনের সুযোগ রয়েছে বলে মনে করেন টিআইবির এআই নির্বাহী পরিচালক।
বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে সরকারিভাবে ইতোমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, "এর মাধ্যমে আমরা সার্বিকভাবে লক্ষ করি, আমাদের রাষ্ট্রকাঠামোতে সরকার এবং সরকার পরিচালিত বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধের আইনি বা প্রাতিষ্ঠানিক ভিত্তি আগের তুলনায় অনেক সুদৃঢ় হয়েছে।”
“এরই ফলে বাংলাদেশ আগের ২০০১ থেকে ২০০৫ সালের মতো দুর্নীতির ধারণাসূচকে বিশ্বের শীর্ষে অবস্থান করে না। তার থেকে সরে এসে আমরা অগ্রগতি লাভ করেছি"
তবে দুর্নীতির মাত্রা আরও অনেক কমিয়ে আনতে হবে বলে মনে করেন ইফতেখার।
