২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার জাতীয় গম্ভীরা উৎসব আয়োজনের উদ্যোগ

ঢাকায় প্রথমবারের মতো জাতীয় গম্ভীরা উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে লোকজ সাংস্কৃতিক সংগঠন ‘দিয়াড়’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

আগামী জানুয়ারিতে ঢাকার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই গম্ভীরা উৎসব আয়োজন করা হবে বলে মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে দিয়াড়ের নতুন কমিটির সদস্য সচিব আনোয়ার হক জানান, শিল্পকলা একাডেমির শিডিউল পাওয়ার পর উৎসবের দিনক্ষণ ঠিক করা হবে।

‘গম্ভীরা’ বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদহ জেলার হিন্দুসমাজে গম্ভীরা গানের উৎপত্তি হলেও ১৯৪৭ সালের পর এই লোকসঙ্গীত রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে চলে আসে।

পরে রাজশাহী, নবাবগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন স্থানে এ গান জনপ্রিয় হয়ে ওঠে।

Image
গম্ভীরা গান পরিবেশনের দৃশ্য (ফাইল ছবি)

গম্ভীরা গান পরিবেশনের দৃশ্য (ফাইল ছবি)

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর শাহবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে দিয়াড়ের এক সভায় গম্ভীরা উৎসব আয়োজনের সিদ্ধান্ত হয়।

ওই সভায় মুখলেসুর রহমান মুকুলকে আহ্বায়ক এবং আনোয়ার হককে সদস্যসচিব করে সংগঠনের নতুন কমিটিও গঠন করা হয়েছে।

কমিটিতে আরও রয়েছেন- যুগ্ম আহ্বায়ক মেসবাহুর রহমান খসরু ও আবুল কালাম আজাদ এবং সদস্য জাহাঙ্গীর সেলিম, ইফ্ফাত আরা নার্গিস, সুজাতুল আলম কল্লোল, শাহরিয়ার মাহমুদ প্রিন্স, তহুর আহমেদ, রাশিদ পলাশ, আবদুল আওয়াল গণি জোহা ও জয়নুল আবেদীন জনী।

আগামী নভেম্বরে প্রথমবারের জাতীয় আলকাপ উৎসব আয়োজন করার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়।