২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের দাবিতে কমলাপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ

কমলাপুর রেল স্টেশনের কাছে বাসচাপায় নিহত পোশাক শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজধানীর ব্যস্ত দুই রাস্তা আটকে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 12:35 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

মঙ্গলবার সকাল ৯টা থেকে এই অবরোধের কারণে কমলাপুর রেল স্টেশনের কাছে ‘চাররাস্তার মোড়’ এবং মতিঝিলের নটরডেম কলেজের সামনে ‘টয়েনবি সার্কুলার রোড’ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে দুই সড়ক বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোয় চাপ বেড়েছে। কমলাপুর, মতিঝিল, আরামবাগ এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।    

মতিঝিল থানার এসআই খোদা নেওয়াজ বলেন, “শ্রমিকরা ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় নেমেছে। বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক বিক্ষোভ করছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করছি।”

সোমবার রাত পৌনে ৯টার দিকে কমলাপুর রেল স্টেশনের কাছে চাররাস্তার মোড়ে বলাকা ট্রান্সপোর্টের একটি বাসের চাপায় আনুমানিক ৩০ বছর বয়সী এক পোশাক শ্রমিক নিহত হন, আহত হন অন্তত চারজন। ঘটনার পরপরই চালকসহ বাসটি আটক করা হয়।

নিহত তরুণী কমলাপুরের পলিন গার্মেন্টসে কাজ করতেন। সহকর্মী নিহতের খবর পেয়ে রাতেই ওই কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এতে রাতেও ওই এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশপাশের কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সকালে আবার স্টেশনের সামনের সড়কে জড়ো হয় এবং মতিঝিল থানার আল হেলাল বক্সের সামনে আইডিয়াল স্কুলের কাছে যানবাহন আটকে বিক্ষোভ শুরু করে।

বাসযাত্রী শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিঝিলে যাওয়ার পথে রাস্তা বন্ধ থাকায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে আটকে ছিল তার বাস। পরে ১১টার দিকে পুলিশ বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেয়।