ঢাকায় ২৮৮ ক্যান বিয়ার উদ্ধার
রাজধানীর কোতয়ালি থানা এলাকায় একটি প্রাইভেট কার থেকে ২৮৮ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালি থানার ওসি মো. আবুল হাসান জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে কোতয়ালি থানাধীন নয়াবাজার সেতুর কাছ থেকে এসব বিয়ার জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সেতুর কাছে একটি সাদা রংয়ের প্রাইভেটকার থেকে ১২ কার্টন বিয়ার উদ্ধার করা হয়। প্রতি কার্টনে ২৪টি করে বিয়ার পাওয়া যায়।
গাড়ির চালক ও আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় একটি মামলা করা হচ্ছে বলে জানান কোতয়ালির ওসি হাসান।
