পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
পুলিশে চাকরি দেওয়ার নামে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রমনা থানা এলাকা থেকে জাহাঙ্গীর নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকার বুগীর গ্রামে। কুমিল্লা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের আশ্বাস দিয়ে একজনের কাছ থেকে তিনি ৮০ হাজার টাকা হাতিয়ে নেন বলে জানান ওসি।
মশিউর রহমান বলেন, “সে আরও কয়েকজনের কাছ থেকে একইভাবে প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে।”
প্রতারণার এসব অভিযোগে জাহাঙ্গীরকে বেশ কিছুদিন ধরেই পুলিশ খুঁজছিল বলে জানান তিনি।
