টিআইবি’র প্রতিযোগিতায় সেরা বিডিনিউজ টোয়েন্টিফোরের মিতুর কার্টুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ কার্টুন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রদায়ক কার্টুনিস্ট নাসরীন সুলতানা মিতু।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা-২০১৫’ এর পুরস্কার সোমবার দৃক গালারিতে বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ী মিতুকে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। একই বিষয়ে কার্টুনে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন, আরাফাত করিম ও মো. হাসান মাহমুদ।
বিভিন্ন সময় টিআইবির কার্টুন প্রতিযোগিতায় বিজয়ীদের অংশগ্রহণে ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় কার্টুন জমা পড়েছিল মোট ৭৯টি।
এর মধ্য থেকে ছয়জন কার্টুনিস্ট বিশেষ মনোনয়ন পেয়েছেন।
পুরস্কার পাওয়ার পর নাসরীন সুলতানা মিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারই প্রথমবারের মতো ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ এই প্রতিযোগিতা হয়েছে। সেখানে প্রথম হওয়ায় ভালো লাগাটা অন্য রকম।”
