২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 08:14 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

বাংলাদেশে নিযুক্ত কাতারের নতুন রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মেদ নাসের আল দোহালমি সোমবার বঙ্গভবনে তার পরিচয়পত্র দিতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি বলেছেন, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজনের অবকাঠামোগত উন্নয়নে জনশক্তি প্রয়োজন হবে। বাংলাদেশের প্রচুর দক্ষ, আধা-দক্ষ জনশক্তি রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

“আবদুল হামিদ আশা করেন, নতুন দূতের কর্মকালে বাংলাদেশ-কাতারের মধ্যকার বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।”

রাষ্ট্রপতি এসময় কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দু’দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সফরের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কাতারের নতুন দূত বলেন, তিনি তার কর্মকালে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে কাজ করবেন। তিনি এ সময় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ থেকে কাতারে জনশক্তি নিতে নতুন দূত সর্বোচ্চ কাজ করবেন বলেও রাষ্ট্রপতিকে জানান।

কুয়েতের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা দিচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ কুয়েতের উদ্যোক্তাদের এদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

কুয়েতের নতুন দূত আদেল মোহাম্মেদ এ এইচ হায়াত বিকেলে বঙ্গভবনে তার পরিচয়পত্র দিতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন দূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দু’দেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, এই সম্পর্ক আরও সম্প্রসারণের প্রচুর ক্ষেত্র রয়েছে।

“বিদেশি বিনিয়োগকারীদের সরকার সুবিধা দিচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি এদেশের জাহাজ নির্মাণ শিল্প,  বিদ্যুৎ, টেক্সাইল, পেট্রোকেমিক্যাল খাতে কুয়েতি বিনিয়োগ আহ্বান করেন।”

এসময় রাষ্ট্রপতি কুয়েতের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

নতুন দূত জানান, তার দেশের সরকার বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করতে চায়। তিনি এসময় তার কর্মকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা আশা করেন।

দুই দূত বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল আলাদাভাবে তাদেরকে গার্ড অব অনার দেয়।