২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি নারী ‘হত্যা’: এক আসামি চারদিনের রিমান্ডে

ঢাকার উত্তরায় জাপানি নারী হিরোয়ি মিয়েতার ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 05:15 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক সোমবার আসামি জাকির হোসেন পাটোয়ারী রতনকে আদালতে হাজির করে দশদিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম কায়সারুল ইসলাম আসামিকে চার দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জাকিরের আইনজীবী মীর হোসেন জানান।  

জাকিরের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।

মীর হোসেন শুনানিতে বলেন, “জাকির পাটোয়ারী ওই জাপানি নারীর ব্যবসায়িক অংশীদার ছিলেন। অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি (মিয়েতা) মারা গেছেন। তাকে হত্যা করা হয়নি।”

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক উজির আলী জানান, জাকির ভারতে চলে গিয়েছিলেন। রোববার তাকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়।

এ ঘটনায় পুলিশ এর আগে মারুফ, রাশেদ ফখরুল, জাহাঙ্গীর হোসেন ও বিমল চন্দ্র শীল নামে পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

ষাটোর্ধ্ব হিরোয়ি মিয়েতা প্রায় দশ বছর ধরে ‘অবৈধভাবে’ বাংলাদেশে বসবাস করছিলেন এবং এ দেশে বায়িং হাউজের ব্যবসায় জড়িত ছিলেন বলে পুলিশের তথ্য। 

গত ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেন, যাতে বলা হয়, তাদের এই নাগরিক তিন সপ্তাহ ধরে নিখোঁজ। এরপর পুলিশ জানতে পারে, ২৯ অক্টোবর মিয়েতার মৃত্যুর পর তার মরদেহ গোপনে উত্তরা ১২ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে সমাহিত করা হয়েছে।

তার মৃত্যু ও গোপনে সমাহিত করার ঘটনায় সন্দেহ হলে উত্তরা পূর্ব থানায় ছয়জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশের বরাত দিয়ে একটি সংবাদপত্রের খবরে বলা হয়, ২০০৬ সালে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে একটি হোটেলে থাকছিলেন ওই জাপানি নারী। অনেক টাকার বিল বকেয়া পড়ায় আড়াই মাস আগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তার থাকার ব্যবস্থা করে দেন বন্ধুরা। সেখানেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৯ অক্টোবর হিরোয়ি মিয়েতার মৃত্যু হয় বলে গ্রেপ্তাররা পুলিশের কাছে দাবি করে।

পরে ঢাকা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

হিরোয়ি মিয়েতার মৃত্যুরহস্য উদঘাটনের জন্য তার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

পুরনো খবর:

জাপানি সেই নারীর মৃতদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ
জাপানি নারী ‘হত্যা’ মামলায় পাঁচজন রিমান্ডে
উত্তরায় জাপানি নারীর মৃত্যু নিয়ে ‘রহস্য’, তদন্তে পুলিশ