ঢাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর গ্রিন রোড এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, রোববার বেলা পৌনে ১২টার দিকে গ্রিন রোডের ৭০ নম্বর হোল্ডিংয়ে একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনের বাসিন্দারা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন বলে জানান তিনি।
মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ওই ভবনের দ্বিতীয় তলায় রাখা কিছু কাগজের কার্টনে আগুন লেগেছিল। দ্রুত তা নিভিয়ে ফেলা হয়েছে।”
আগুনে কেউ আহত হননি, তেমন ক্ষয়-ক্ষতিও হয়নি বলেও জানান তিনি।
