ইসিতে অব্যবস্থাপনা, কর্মকর্তাদের অসন্তোষ
দেশের ২৩৫ পৌরসভায় দলভিত্তিক ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তথ্য সংগ্রহে অব্যবস্থাপনা দেখা দিয়েছে নির্বাচন কমিশনে, যা নিয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার কণ্ঠে ক্ষোভ ঝরেছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার ৫৫ ঘণ্টা পরেও শুধু মেয়র পদে কয়টি দল প্রার্থী দিয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী কয়জন তা নিশ্চিত করতে পারেনি নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা শেষের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব অফিসে আসেননি। নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব এই দুই দিন বিকালে কয়েক ঘণ্টার জন্য এলেও সমন্বয় করে কাজ শেষ করতে পারেননি।
তবে নির্বাচন পরিচালনা শাখার একজন উপসচিব, একজন জ্যেষ্ঠ সহকারী সচিব, নির্বাচন সমন্বয় ও সহায়তা শাখার একজন সহকারী সচিব তাদের প্রশাসনিক কর্মকর্তা ও অন্য কর্মচারীদের নিয়ে শুক্রবার রাত ৩টা এবং শনিবার মধ্যরাত পর্যন্ত মাঠ কর্মকর্তাদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ করেন।
একজন কর্মকর্তা শনিবার রাত ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৩৫ পৌরসভায় ভোট হচ্ছে। প্রার্থী ও মাঠ কর্মকর্তারা কাজে জেগে রয়েছেন, আর ইসি ঘুমিয়ে থাকলে গণমাধ্যমকে তথ্য জানাবে কে? নির্বাচন ব্যবস্থাপনার অতীত অভিজ্ঞতা যেন ভুলে গেছে ইসি সচিবালয়ের কর্তারা।”
প্রথমবারের মতো দলভিত্তিক স্থানীয় নির্বাচন হলেও ইসি সচিবালয়ের দায়িত্বশীলরা তা চ্যালেঞ্জ হিসেবে নেয়নি বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকাল ৫টায় মনোনয়নপত্র জমার সময় শেষ হয়।ওইদিন সমন্বিত তথ্য সরবরাহ করতে পারেনি কমিশন। অথচ এ সংক্রান্ত তথ্য সংগ্রহে ইসি সচিবালয়ের অন্তত দশজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে এক কর্মকর্তা জানান।
ইসির উপসচিব সামসুল আলম, সহকারী সচিব রাজীব আহসানসহ অন্তত ৮-১০ জন কর্মকর্তা রাত ৩টা পর্যন্ত কাজ করে তথ্য সংগ্রহ করেন বলে জানা গেছে।
“স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক তালিকা পৌরসভা থেকে ইমেইলে পাঠানো হয়েছে, তা থেকে পাঁচজন ভোটার শনাক্ত করে যাচাইয়ের নির্দেশনা দিতেই সময় পার হয়েছে,” বলেন ইসির উপসচিব সামসুল।
এসময় প্রার্থীদের তথ্য সংগ্রহ উপস্থিতদের জন্য ‘কঠিন’ ছিল বলে মন্তব্য করেন একজন।
একীভূত তথ্য নিতে শুক্রবার বিকাল পর্যন্ত সাংবাদিকদের অপেক্ষার পর ইসি সচিবালয়ের তৎপরতা বাড়ে। ইসির নিজস্ব নেটওয়ার্কে সিএমএস সিস্টেমের মাধ্যমে তথ্য আসার কথা থাকলেও তাতে তেমন সাড়া আসেনি। এসময় ফোনেও চলে তথ্য সংগ্রহ।
অবশেষ রাত সাড়ে ৯টায় উপসচিব সামসুল আলম জানান, মেয়র ও কাউন্সিলর পদে ১৩ হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়েছে।
কয়টি দল মেয়র পদে ভোটে অংশ নিয়েছে-তা জানাতে ব্যর্থ হয় ইসি সচিবালয়।
জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান শুধু মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী সংখ্যা জানান ই-মেইলে।
নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহ নিয়ে সমন্বয়হীনতার খবর গণমাধ্যমে এলে শনিবার সকাল থেকে পৌর ভোটের তথ্য সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত ১০ জন কর্মকর্তা, মনিটরিং কর্মকর্তাসহ কিছু কর্মচারী ইসি সচিবালয়ে হাজির হন।
ছুটির দিনেও সকালে কমিশনে সরব ভাব থাকলেও শনিবার বাছাইয়ের প্রথম দিন শেষেও মোট কতোজনের প্রার্থিতা বাতিল হয়েছে তা জানা যায়নি।
তথ্য সংগ্রহে সাংবাদিকরা ইসি সচিবালয়ে ভিড় করেন দুপুর থেকে। বেলা গড়াতে থাকলেও তথ্য না পেয়ে বিকাল থেকেই কেউ কেউ ফিরে যান।
রাত ১০টায় ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামানের কাছে সমন্বিত তথ্য চাইলে তিনি বলেন, “রোববার বাছাই শেষ। ওই রাতেই পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। আজ আর কোনো তথ্য নেই।”
এ সময় একজন উপ সচিব, একজন সিনিয়র সহকারী সচিব, একজন সহকারী সচিব, তিনজন প্রশাসিক কর্মকর্তাকে রাজনৈতিক দল, তাদের প্রার্থীর বিষয়ে বৃহস্পতিবার মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূতের কাজ করতে দেখা যায়। তাদের কেউ ফোন করছেন, কেউ কম্পিউটারে যোগ করছেন, কেউ যাছাই করছেন- কোনোভাবেই হিসাব মেলাতে পারছেন না।
রাত সাড়ে ১১ টায় বাসায় যাওয়ার সময় উপসচিব সামসুল আলম জানান, ২১টি রাজনৈতিক দল নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে। সাতশ’র বেশি দলীয় প্রার্থী এবং পাঁচশ’র বেশি স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
“পূর্ণাঙ্গ চিত্র পাবেন আরও কয়েক ঘণ্টা পরে, আমাদের কর্মকর্তারা জানাবেন,” বাসার উদ্দেশ্যে গাড়িতে বসতে বসতে বলেন তিনি।
পরে সমন্বিত তথ্যের জন্য গেলে একজন সহকারী সচিব বলেন, “কাল জানতে পারবেন। আমরা এখনও চূড়ান্ত করতে পারিনি।”
ভোটে আছে ২১ দল
ইসি কর্মকর্তাদের প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য বিশ্লেষণে দেখা যায়, মেয়র পদে আওয়ামী লীগের ২৩৯ জন, জাতীয় পার্টির ৮২ জন, বিএনপির ২৩৪ জন, জাসদের ২৫ জন, বিকল্পধারার একজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন, ওয়ার্কার্স পার্টির নয়জন, বিকল্পধারার একজন, জাতীয় পার্টি-জেপির নয়জন, বিএনএফের একজন, এনপিপির ১৭ জন, পিডিপির একজন, খেলাফত মজলিশের আটজন, এলডিপির দুজন, বাসদের একজন, সিপিবির চারজন, ইসলামী আন্দোলনের ৬১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট্রের চারজন, ইসলামী ঐক্যজোটের তিনজন, বিজেপির আটজন ও ন্যাপের একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থী দেওয়ার কথা বলে নেই চার দল
নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ২৫টি দল প্রার্থী দেওয়ার বিষয়ে কমিশনকে জানিয়েছিল। এরমধ্যে চারটি দলের প্রার্থীর মনোনয়নপত্র পাওয়া যায়নি বলে কয়েকজন কর্মকর্তা জানান।
দলগুলো হলো- জাকের পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি ও গণফোরাম।
আওয়ামী লীগের ৪ জন বেশি
২৩৫ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ মনোনীত ২৩৯ জনের তথ্য পেয়েছে ইসি।
দল মনোনীত একক প্রার্থী থাকার কথা থাকলেও পাইকগাছায় দুইজন, বেতাগীতে একজন এবং মাগুরা পৌরসভায় একজন করে বেশি প্রার্থী এসেছে আওয়ামী লীগ থেকে।
