জাল মুদ্রা: পাকিস্তানিসহ গ্রেপ্তার ৬ জন রিমান্ডে
ঢাকায় 'বিপুল পরিমাণ' জাল মুদ্রা ও পাসপোর্ট নিয়ে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক মো. আবদুল্লাহ ওরফে সেলিমসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম শনিবার তাদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত পুলিশের এসআই আশরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দর থানার এসআই তারেকুজ্জামান আসামিদের আদালতে হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড হেফাজত চান।
বিচারক আবেদনের ওপর শুনানি নিয়ে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে 'বিপুল পরিমাণ' জাল মুদ্রা ও পাসপোর্টসহ বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক আবদুল্লাহসহ ছয়জনকে আটক করে র্যাব।
এরপর মুদ্রা পাচার ও বিশেষ ক্ষমতা আইনে র্যাব -১ এর এসআই হাতেম আলী তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
আবদুল্লাহ ছাড়া মামলার বাকি পাঁচ আসামি হলেন- মো. জাহাঙ্গীর (৪৫), আব্দুল খালেক (৫৫), মো. কামরুল ইসলাম (২৮), আবু সুফিয়ান (৪৮) ও মামুনুর রশিদ (৪৫)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক কোটি রুপি মূল্যমানের ভারতীয় জাল নোট, ছয় লাখ ২৪ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি মুদ্রা, নয় হাজার ১২৫ ডলার ও বিপুল পরিমাণ পাকিস্তানি রুপি, দিরহাম ও সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
এ ছাড়া ২১টি পাকিস্তানি ও সাতটি বাংলাদেশি পাসপোর্ট, সাতটি বিমানবন্দর ভিজিটর কার্ড, পাঁচটি মোবাইল ফোন ও চারটি বিদেশি মোবাইল সিমকার্ড এবং বিভিন্ন ধরনের সিল ও সিল তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এসব সরঞ্জাম মানব পাচারে ব্যবহার করা হতো বলে র্যাবের ধারণা।
আবদুল্লাহসহ চার আসামির পক্ষে কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, "আবদুল্লাহকে দাউদ ইব্রাহীমের সহযোগী বলে মনে করা হচ্ছে। এরা সবাই মুদ্রা জালিয়াতি ও মানবপাচারে জড়িত একটি চক্রের সদস্য।"
"এই চক্রটি পাকিস্তান থেকে জাল রুপি এনে বাংলাদেশ হয়ে ভারতে পাচার করে আসছিল। এই চক্রের অপর সদস্যদের নাম-ঠিকানা ও অবস্থান জানার জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।"
এই ছয়জনকে গ্রেপ্তারের শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে অবস্থানরত মানব ও মুদ্রা পাচারকারী একটি চক্র বাংলাদেশ হয়ে বিভিন্নভাবে জালমুদ্রা পাচার করে আসছিল।
“জাহাঙ্গীর, খালেক ও আবদুল্লাহ এই চক্রের সমন্বয় করতেন। ভারত ভ্রমণে যাওয়া অনেক বাংলাদেশি এসব জাল মুদ্রা কিনে প্রতারিত হয়েছেন।”
এতে বলা হয়, আব্দুল্লাহ ওরফে সেলিম ১৯৭৯ সালে পুরো পরিবারের সঙ্গে পাকিস্তানে যায় এবং ২০০২ সাল পর্যন্ত করাচির বিভিন্ন পোশাক কারখানা ও ফার্মেসিতে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় মুদ্রা জালিয়াত ও মানবপাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
বাংলাদেশে সক্রিয় এই চক্রের বেশিরভাগ সদস্যের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলায়। তারা পশ্চিমবঙ্গের মালদা জেলার কয়েকজনের সঙ্গে ভারতীয় জাল মুদ্রার কারবার করে আসছিলেন। কখনো আবার হুন্ডি বা গরু পাচারের সময়ও জাল মুদ্রা হাতবদল হতো।
এই চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লাগেজে ভারতীয় জাল মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতেন। ঢাকায় আসার পর বিমানবন্দরের এসব জাল মুদ্রা ইমিগ্রেশন ও গ্রিন চ্যানেল পার করাতো চক্রের আরেকটি অংশ।
এরপর আব্দুল্লাহ ও খালেক ভারতীয় জাল মুদ্রাগুলো রশিদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হস্তান্তর করতেন।
এই জাল মুদ্রার বড় একটি অংশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রবেশ করতো বলে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে র্যাব।
