ধামরাইয়ে বাসচাপায় সেনা সদস্য নিহত
ঢাকার ধামরাইয়ে বাসচাপায় মটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি রিজাউল হক জানান।
নিহত এস এম ইব্রাহিম (৩৪) সেনাবাহিনীর সার্জেন্ট। ঢাকা সেনা সদরে মেডিকেল অ্যাসিট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি রিজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ধামরাইয়ের কালামপুর থেকে মটরসাইকেলে করে সাভারের কলমা এলাকার বাড়িতে ফিরছিলেন ইব্রাহিম।
“ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুরে স্লিপ করে মটরসাইকেলটি পড়ে যায়। তখন মানিকগঞ্জগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়।”
