মুক্তিযুদ্ধ টিআরপি বাড়ানোর ‘হাতিয়ার’ নয়: তুরিন
টেলিভিশনের খবরে মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারের মতো বিষয় রেটিং বাড়ানোর ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ।
শুক্রবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধের বিচারের বিষয়েও বস্তুনিষ্ঠতার, নিরপেক্ষতার নামে শুধুমাত্র টিআরপি বাড়ানোর খেলা হিসাবে নেওয়া হয়। আমার মনে হয়- এই জায়গাটিতে গণমাধ্যমের দায়িত্বশীল হওয়া দরকার।
“ফাঁসি হওয়ার পর যুদ্ধাপরাধীদের মৃত্যুর খবর এমনভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে, যাতে কয়েক বছর পরে আমার এখনকার ৮ বছরের মেয়ের মনে হতে পারে, যুদ্ধাপরাধীরা তার মায়ের চেয়েও বড় দেশপ্রেমিক ছিল।”
টেলিভিশনের টিআরপি বাড়ানোর এই দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনা করলেও সার্বিকভাবে যুদ্ধাপরাধের বিচারে গণমাধ্যম সহযোগিতা করেছে বলে মনে করেন তিনি।
“আমরা যখন আদালতে কোনো কারণে ভৎর্সনার শিকার হয়েছি, তখনো তারা আমাদের সমালোচনা করেছে; শুধরে দিয়েছে।”
‘গণমাধ্যম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ আয়োজিত ‘যুদ্ধাপরাধের বিচার ও গণমাধ্যমের দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে নিরপেক্ষতা বলতে কিছু থাকতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে নিরপেক্ষতার প্রশ্ন থাকতে পারে না।
“এসব ক্ষেত্রে কোনো নিরপেক্ষতা নয়। নতুনভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে, মিডিয়ার যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ হবে কলমের, শব্দের।”
১৯৭২ সালে ফেরত পাঠানো ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে দেশে এনে বিচারে দাবি জানিয়ে সাংবাদিক আবেদ খান বলেন, “পাকিস্তান তাদের বিচার করবে বলেছিল, করেনি। এখন তারা মুক্তিযুদ্ধে গণহত্যাকে অস্বীকার করছে। যুদ্ধাপরাধ বিচার ইস্যুতে বাংলাদেশে রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে অপমান করেছে।
“এ কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে। ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার করতে হবে। তা না করলে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে ওদের বিচার করব।”
বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী কোনো দল থাকতে পারে না মন্তব্য করে সাংবাদিক ও কবি নাসির আহমেদ বলেন, “কোনো দেশের জন্মের বিরোধী শক্তি সেই দেশে রাজনীতি করছে- পৃথিবীর ইতিহাসে এমন নজীর নেই।”
ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ড. এম এ হাসান বলেন, “একাত্তরের গণহত্যার বিষয়ে আমাদের অধিকাংশেরই জ্ঞানের অভাব বা ঘাটতি রয়েছে। এই দায় আমার, আপনার, সকলের। আমরা একাত্তর পরবর্তী প্রজন্মকে ইতিহাস ঠিকভাবে জানাতে পারিনি।”
একাত্তরের গণহত্যাকে কেবল নাৎসিদের হাতে ইহুদি গণহত্যার সঙ্গে মেলানো গেলেও ধর্ষণের ঘটনাগুলো পৃথিবীর ইতিহাসে অন্য কোনো যুদ্ধের সঙ্গে মেলানো সম্ভব নয় বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক এই গবেষক।
একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, “আমাদের দেশে সঠিক ইনফরমেশন ডেলিভারি সিস্টেম নেই। আমাদের সরকারের মধ্যে তথ্য আটকে রাখার প্রবণতা আছে।
“এ কারণে যুদ্ধাপরাধীর ফাঁসির সময়ে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে তথ্য পায়নি গণমাধ্যমগুলো। এ কারণে একেকটি গণমাধ্যম একেক জায়গা থেকে একেক রকম তথ্য নিয়ে প্রচার করেছে।”
যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম যথাযথ ভূমিকা পালন করেছে মন্তব্য করেন নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়।
তিনি বলেন, “দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মতাদর্শ তৈরির একটি ‘হুইসপারিং ক্যাম্পেইন’ চলছে। এই বিষয়ে সচেতন করার জন্য সচেতনামূলক প্রতিবেদন তৈরি করা জরুরি।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে রাজনীতিক মোজাফফর হোসেন পল্টু, নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ, সাংবাদিক ইউনিয়ন নেতা কুদ্দুস আফ্রাদ ও নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বক্তব্য রাখেন।
