সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথ শিক্ষার্থীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বাস থেকে ছিটকে পড়ে আহত হওয়ার ১১ দিন পর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত মাশুক খান বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী। ২৪ নভেম্বর সাভার থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ।
মাশুকের সহপাঠীরা জানান, জগন্নাথের শিক্ষার্থী পরিবহনের বাস ‘বংশী’তে ওঠে ২৪ নভেম্বর সাভার থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন মাশুক। বাসে প্রচণ্ড ভিড় থাকায় বাধ্য হয়ে তিনি গেইটে দাঁড়ান।
এক পর্যায়ে বাসটি অন্য একটি বাসকে অতিক্রম করার সময় মাশুক রাস্তায় ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শিক্ষার্থীরা তাকে দ্রুত স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়।
প্রক্টর নূর মোহাম্মদ বলেন, "এনাম মেডিকেলে চিকিৎসার পর মিশুক ভাল অনুভব করলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু বাসায় আবার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানেও মিশুক ভালই ছিল।’
"কিন্তু গত রাতে খাবার খাওয়ার পর হঠাৎ তার স্ট্রোক হয়। পরে রাত ৩টার দিকে হাসপাতালে মারা যায়।," বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাম্প্রতিক সময়ে জগন্নাথের আরও কয়েক শিক্ষার্থীর মৃত্যু হয়।
এর মধ্যে গত বছরের ৯ মে রাতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান খান রাজধানীর মালিবাগ রেলগেইট এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন।
পরদিন রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ধরনের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
এ বিষয়ে প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে আমি পরিবহন প্রশাসকের সঙ্গে কথা বলব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।"
