২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পীর’ খিজির ও লুৎফর হত্যায় গ্রেপ্তার আরেক জেএমবি নেতা রিমান্ডে

কথিত দুই পীরসহ সাত জনকে হত্যার দুই ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 07:48 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

আব্দুল গফ্ফার (৩৮) নামে ওই ব্যক্তিকে শুক্রবার আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কাজী গোলাম কবীর।

আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম মোল্লার পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন বলে আদালত পুলিশের কর্মকর্তা এসআই জামাল হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসময় গফ্ফারের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি।

“গোপীবাগে ‘পীর’ লুৎফর রহমানসহ ছয় হত্যাকাণ্ড ও বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান ‘পীর’ খিজির খানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার জেএমবি সদস্য তরিকুল ইসলাম মিঠু দুই হত্যাকাণ্ডে তার সঙ্গে গফ্ফার ছিল বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে রিমান্ডে নেওয়ায় আবেদন করে পুলিশ।”

গফ্ফারকে বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার করা হলেও সেদিন গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। শুক্রবার দুপুরে এক মোবাইল বার্তা পাঠিয়ে তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার খবর দেন গোয়েন্দা পুলিশের (পূর্ব জোন) উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলম। তবে সেখানে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

বার্তায় বলা হয়, “জেএমবি নেতা গফ্ফারকে গতকাল (বৃহস্পতিবার) ২টা ৩৫ মিনিটে যাত্রবাড়ির শহীদ ফারুক রোড থেকে আটক করা হয়। তিনি গোপীবাগে ছয়জনকে হত্যা ও বাড্ডায় খিজির হায়াত খানকে হত্যায় ভালভাবে যুক্ত ছিলেন।”

গত ৫ অক্টোবর রাজধানীর বাড্ডায় নিজের বাড়ির খানকা শরিফে পীর হিসেবে পরিচিত খিজির খান খুন হওয়ার নয় দিন পর টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় মিঠুকে। 

প্রায় দুবছর আগে ২০১৩ সালের ডিসেম্বরে রাজধানীর গোপীবাগে কথিত পীর লুৎফর রহমানসহ ছয়জনকে গলাকেটে হত্যা করা হয়।

এই দুই হত্যাকাণ্ডে গ্রেপ্তার জেএমবি সদস্য তরিকুল ইসলাম মিঠু এর মধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

‘পীর’ খিজির খানের মতাদর্শকে ‘ধর্মীয় বিচ্যুতি’ ধরে নিয়ে জেএমবি সদস্যরা ‘ঈমানি দায়িত্ব’ মনে করে তাকে হত্যা করেছে বলে তরিকুল পুলিশকে জানিয়েছিলেন।

পুরনো খবর:

গোপীবাগের ছয় খুনেও জেএমবির মিঠুর স্বীকারোক্তি