আদালতের আদেশের পর কর্মীর বিরুদ্ধে ইউনাইটেডের মামলা
হাই কোর্টের রুলের পর রোগীকে ‘যৌন নিপীড়নকারী’ কর্মীর বিরুদ্ধে মামলা করেছে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
স্টাফ নার্স সাইফুল ইসলামকে আসামি করে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান থানায় এই মামলা দায়ের করা হয় বলে ওসি সিরাজুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনাইটেড হাসপাতালের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মইনুল ইসলাম নারী নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।
সাইফুল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন বলে দুটি গণমাধ্যমে প্রচারিত সংবাদ বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার সকালে একটি রুল দেয় হাই কোর্ট।
এই ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। সেইসঙ্গে সাইফুলকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির করতে গুলশান পুলিশের সহকারী কমিশনার (এসি) ও থানার ওসিকে নির্দেশ দেয় আদালত।
সাইফুলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়।
যৌন নির্যাতনের অভিযোগ পাওয়ার পর গত ৩০ অক্টোবর সাইফুলকে বরখাস্ত করা হয় বলে হাসপতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান ওসি।
তাকে গ্রেপ্তারে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
