২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘প্রতিবন্ধিতা উত্তরণ’ মেলা শুরু

সক্ষমতার ভিত্তিতে সব প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়নের প্রত্যাশা নিয়ে রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘প্রতিবন্ধিতা উত্তরণ’ মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 10:24 PM

Updated : 12 Oct 2022, 04:36 PM

রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে বৃহস্পতিবার এই মেলা শুরু হয়েছে। ২৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়।

প্রয়াত সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সদ্য নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন মেলার উদ্বোধন করেন।

‘একীভূতকরণ: সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবন্ধীরা অংশ নিয়েছেন।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ৩৪টি সংগঠন ও প্রতিষ্ঠান মেলায় স্টল দিয়েছে। প্রতিবন্ধীদের তৈরি শিক্ষা সামগ্রী, আসবাবপত্র, খেলনা, নকশী কাঁথা, পোশাক, খাবারসহ বেশ কিছু আকর্ষণীয় সামগ্রী দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো।

বাংলাদেশ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি, গ্রাম বিকাশ সহায়ক সংস্থা, সুইড বাংলাদেশ, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি), তরী ফাউন্ডেশন, দৃষ্টি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

Image
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলার উদ্বোধনী বক্তব্যে সৈয়দ সায়রা মহসীন বলেন, “প্রতিবন্ধীরা আমাদের সমাজ-পরিবারেরই অংশ, আমাদেরই কেউ না কেউ। সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের মূল ধারায় যুক্ত করতে হবে।

“প্রতিবন্ধী মানুষ যাতে সমাজে তাদের পূর্ণ অধিকার নিয়ে বাঁচতে পারে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আরা সুরাত আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক আনোয়ার উল্ল্যাহ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. সাইদুল হক বক্তব্য রাখেন।

মেলা আয়োজনের দায়িত্বে থাকা ফাউন্ডেশনের পরিচালক খুরশিদ আলম চৌধুরী জানান, ৩ থেকে ১০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

বিকালে প্রতিবন্ধীদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা হবে, যেখানে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি রাজনীতিক এবং প্রতিবন্ধীদের উন্নয়নে কর্মরত বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা থাকবেন।

এছাড়া মেলা চলাকালে প্রতিদিন সন্ধ্যার পর সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।