উচ্চ আদালতে বাংলা চালুর পক্ষে প্রধান বিচারপতি
উচ্চ আদালতে মাতৃভাষা চালু হওয়া উচিত বলে মনে করেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
“এটি সত্যিই দরকার,” বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় বলেছেন তিনি।
নিম্ন আদালতে বাংলা চালুর কথা জানিয়ে বিচারপতি সিনহা বলেন, “আমি মনে করি, এটা আমাদের উচ্চ আদালতেও চালু করা উচিত। আমাদের কিছু বিচারক এখন প্রায়ই বাংলা ভাষায় লিখেন। আমিও চিন্তা-ভাবনা করছি, দুই একটি রায় লেখার জন্য।”
‘দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ’ আয়োজিত এই আলোচনা সভায় তার আগে বক্তব্যে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, “এমন দিনটা কবে আসবে, যেদিন আমাদের বিচার ব্যবস্থা বাংলায় হবে।”
নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি প্যারিসে ইংরেজিতে একটি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। কিন্তু আমি উনার সঙ্গে (ভারতে) এক ঘণ্টা আলাপ করলাম, পেছনে দোভাষী ছিল, উনি ভালো ইংরেজি জানেন, কিন্তু হিন্দিতে বললেন।
“আমি জাপানের প্রধান বিচারপতির সঙ্গে মিটিং করলাম। এক সেমিনারে উনি বক্তাদের বক্তব্য ইংরেজিতে শুনলেন, বললেন জাপানি ভাষায়।”
জাতিসংঘে বাংলায় বঙ্গবন্ধুর ভাষণের প্রসঙ্গ তুলে ধরে বিচারপতি সিনহা বলেন, “আমাদেরও চেষ্টা করা উচিত। যখন আমাদের দেশে সেমিনার হয়, বাইরের দেশে হয়, যেন বাংলা ভাষার সংস্কৃতির প্রতিফলন হয়।”
বর্তমানে পাশ্চাত্যের প্রভাবে দেশজ রীতিনীতি ও মূল্যবোধ বিসর্জনের চিত্রে হতাশা প্রকাশ করেন তিনি।
“আমাদের মনে রাখতে হবে, মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতির পারস্পরিক সম্পৃক্তি আমাদের জাতি গঠনে ও অতীত সংগ্রামে পাথেয় হয়েছে। আর সে কারণেই আমাদের মাতৃভাষাকে এবং দেশীয় সংস্কৃতিকে আমাদের ধারণ ও লালন করতে হবে, করতে হবে এর সৃজনশীল ও কার্যকর রূপান্তর।”
আলোচনা সভায় অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, “আমাদের দেশে যেভাবে আমরা কীর্তন উপভোগ করি, সেভাবে জারি-সারিও উপভোগ করি। এখানে যদি ধর্মকে টেনে আনা হয় তাহলে দেশীয় সংস্কৃতির বিকাশ হবে না।
“সত্যিকারভাবে আমাদের ধর্ম নিরপেক্ষতার বাতাবরণ সৃষ্টি করতে হবে, যার মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।”
দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র করের সভাপতিত্বে সভায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, লায়েকুজ্জামান মোল্লা, বশির আহমেদ, শ ম রেজাউল করিম, আব্দুন নুর দুলাল বক্তব্য দেন।
