২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ২৩৬ প্রার্থীর তালিকা ইসিতে

আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে মনোনীতদের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে ইসির যুগ্মসচিব জেসমিন টুলীর কাছে ২৩৬ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর তালিকা জমা দেন।

গোলাপ পরে সাংবাদিকদের বলেন, ২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট হওয়ার তফসিল ছিল। আদালতের আদেশে অন্তত তিনটি স্থগিত থাকতে পারে।

“এরপরও আমরা ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দল মনোনীত ২৩৬ জন মেয়র প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে দিয়ে গেলাম। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।”

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার সময় দল মনোনীত ব্যক্তিদের দলীয় প্রত্যয়নপত্র দেওয়ার বিধান রয়েছে।

দলীয় প্রার্থীদের তালিকা ইসিতে দেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও আনুষ্ঠানিকভাবে তা জমা দিল ক্ষমতাসীন দলটি।

ইসির যুগ্মসচিব জেসমীন টুলী বলেন, “রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। কোনো দল ইসিতে এ তালিকা দিলে তা হবে কনফার্ম করার মত একটি বিষয়।”

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাপ জানান, বিকালে সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে দলটির মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

পৌরসভা নির্বাচনে এবারই প্রথমবারের মতো মেয়র পদে দলীয় এবং নির্দলীয়ভাবে কাউন্সিলর পদে ভোট হচ্ছে। মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার বিকাল ৫টা।

৪০টি নিবন্ধিত দলের অন্তত ২২টি দল পৌর নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ইসিকে জানিয়েছে।

 

পৌরসভা নির্বাচনের আরও খবর