মিয়ানমারে উদ্ধার ‘সবাইকে’ ফিরিয়ে আনা হয়েছে
অবৈধভাবে বিদেশ যেতে সাগরে যাত্রা করে মিয়ানমার বাহিনীর হাতে আটক সব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
উদ্ধার বাংলাদেশিদের শেষ দলটিকে বুধবার বান্দরবানের নাইক্ষ্যাংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই দলে ৪৮ জন বাংলাদেশি ছিলেন বলে বিজিবি জানিয়েছে।
এর মধ্য দিয়ে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে আটকে পড়া নাগরিকদের মধ্যে মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ৭৭৭ জনকে ফিরিয়ে আনা হল।
গত মে মাসে মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে মানব পাচারকারীদের কয়েকটি আস্তানা ও কবরের সন্ধান মেলার পর অবৈধ অভিবাসী ঠেকাতে কড়া পদক্ষেপ নেয় ইন্দোনেশিয়াসহ এই তিনটি দেশ।
মানবপাচারকারীদের বিরুদ্ধে দমন অভিযানের পর থাইল্যান্ড মানবপাচারের রুটগুলো বন্ধ করার পাশাপাশি কিছু নৌযান থেকে লোকজনকে তাড়িয়ে দেয়। সে সময় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার তীরে ওঠে কয়েক হাজার মানুষ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ঊপকূলে পাচারকারীদের নৌযানে আটকা পড়ে অন্যরা।
গত ২১ মে নিজেদের জলসীমা থেকে সাগরে ভাসমান ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী।
এদের মধ্যে বাংলাদেশি হিসেবে শনাক্তদের দেশে ফিরিয়ে আনা শুরু হয়। গত ৮ জুন থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৭২৯ জনকে ফেরত আনা হয়।
‘এ প্রত্যাবর্তন প্রক্রিয়া’য় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস, বিজিবি, স্থানীয় পুলিশ ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
‘আটকে পড়াদের নিরাপদে ফিরিয়ে আনতে সহায়তা করা’য় মিয়ানমার সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানায় মন্ত্রণালয়।
