২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ শতাংশ অভিযোগ অনুসন্ধানে দুদক

২০১৪ সালে দুর্নীতি দমন কমিশনে দেওয়া অভিযোগের ১০ শতাংশ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2015, 01:52 AM

Updated : 22 Aug 2022, 02:01 PM

যেসব অভিযোগ দুদকে জমা হয়েছে, তার ৮৮ শতাংশই যাচাই-বাচাই শেষে বাদ দেওয়া হয়েছে। বাকি দুই শতাংশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়।

অনুসন্ধানের জন্য নেওয়া অভিযোগের ৯ শতাংশেরও কম সংখ্যক মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৪ এ তথ্য পাওয়া গেছে।

সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জনসাধারণ, সরকারি ও বেসরকারি দপ্তর, পত্র-পত্রিকা ও আদালতের মাধ্যমে ২০১৪ সালে ১০ হাজার ৪৭৫টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৮১৪টি ছিল তফসিলবহির্ভূত অভিযোগ। এসব অভিযোগের মধ্যে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে মাত্র ১ হাজার ৫৪টি (১০ দশমিক ছয় শতাংশ)।

আর অনুসন্ধান থেকে বাদ (দুদকে ভাষায় নথিভুক্ত) দেওয়া হয়েছে ৯২০১টি (৮৭ দশমিক আট চার শতাংশ)। এছাড়া ২২০টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।

বিগত বছরের অনিষ্পন্ন অভিযোগসহ ২০১৪ সালে মোট ৭৭৭৫টি অনুসন্ধানের মধ্যে ৩৭৭৫টি নিষ্পত্তি করেছে দুদক।

এই অনুসন্ধানের ওপর ভিত্তি করে ৩৩৩টিতে এজহার দায়ের করা হয়েছে। বাকিগুলো নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুসারে নিষ্পন্ন অভিযোগের মধ্যে মাত্র ৮ দশমিক ৮ শতাংশের ক্ষেত্রে মামলা করা সম্ভব হয়েছে।