২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪৪ বছর পর ইতিহাসের সূচনা: জাহিদ রেজা নূর

একাত্তরের দুই দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের মাধ্যমে স্বাধীনতার ৪৪ বছরে বাংলাদেশ ইতিহাসের শুরুর জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে জাহিদ রেজা নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 01:43 AM

Updated : 22 Aug 2022, 02:01 PM

রোববার রাতে প্রথম প্রহরে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার পর তিনি বলেন, “আমি কোনো রকম আনন্দ বা উচ্ছ্বাস একেবারেই বোধ করছি না। কারণ ইতিহাস যে জায়গায় শুরু হওয়া উচিত ছিল, ৪৪ বছর পর আমরা সেই জায়গায় পৌঁছেছি। এবার কিন্তু একটা দিক নির্দেশনার দরকার আছে, কিভাবে আমরা এগিয়ে যাব।

“আমরা জাতির কলঙ্কমোচন করছি, কিন্তু সেই কলঙ্কমোচনের পর সামনে এগোনোর পথটা যেন আমরা খুঁজে পাই।

“আমরা যেন একটা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দেই। আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি-এগুলো যেন ঠিক পথে প্রবাহিত হয়।”

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস-এর সহায়তায় এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে।

দেশের শীর্ষ স্থানীয় কবি-লেখক-অধ্যাপক-সাংবাদিক-শিল্পীদের হত্যা করা হয়। সে সময় খুন হয়েছিলেন সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন।

Image
রোববার রাতের প্রথম প্রহরে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়।

রোববার রাতের প্রথম প্রহরে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়।

একাত্তরের এই শহীদের সন্তান জাহিদ বলেন, “এই বিচারটা বহুল প্রতীক্ষিত, কিন্তু সেটাই অনেক পরে শুরু হয়েছে। কিন্তু তারপরও হল। অনেকেই দেখে যেতে পারল। মুক্তিযোদ্ধাদের কারও বয়স ওই সময় ২০ হয়ে থাকলে, এখন বয়স ৬৪-৬৫, অনেকের বয়স ৮০-৮৫, অনেকেই আবার মারা গেছে।

“যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের অনেকে দেখে যেতে পারলেন, যারা স্বামী হারিয়েছেন তাদের অনেকে দেখে যেতে পারলেন, এটা একটা বড় পাওয়া।

“আর যারা মারা গেছেন, তাদের স্বজনরা, যেমন আমার মা মারা গেছেন ২০১২ সালে, তিনি বিচারটা দেখে যেতে পারেননি, সেজন্য একটা কষ্টবোধ করি।”

যুদ্ধাপরাধের বিচার বিলম্বিত হওয়ার জন্য সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান এবং তার রাজনৈতিক আদর্শ নিয়ে চলা বিএনপি নেতৃত্বকে দায়ী করেছেন স্বাধীনতার কয়েকদিন আগে প্রাণ হারানো সাংবাদিক সিরাজুদ্দিনের ছেলে জাহিদ।

তিনি বলেন, “একাত্তর সালে এরা যে নৃশংসতা চালিয়েছিল, তার বিচার আরও বহু আগেই হওয়া উচিত ছিল। নানা কারণেই হয়নি। পঁচাত্তরের পর উল্টোদিকে চলা শুরু করেছিল।

“বিশেষ করে জিয়ার সময় থেকে শুরু করে এরশাদ আমল নিয়ে খালেদার আমল পর্যন্ত সময়টা জাতিকে উল্টোদিকে নিয়ে যাওয়ার চেষ্টা সূক্ষ্মভাবে হয়েছে।

“যেমন, দালাল আইন বাতিল করেছিল ১৯৭৬ সালে, সেই সময় জিয়া সিএমএলএ, অর্থ্যাৎ তার হাতেই ক্ষমতা ছিল। তারপর ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছে।

“তারপর শাহ আজিজকে প্রধানমন্ত্রী করেছে, মশিউর রহমান যাদুমিয়াকে উচ্চপদে বসানো হয়েছে। এইভাবে জিয়ার সময় থেকে বাংলাদেশের বিরোধিতাকারীদের, মানুষ হত্যাকারীদের ক্ষমতায় বসানো হয়েছে। এই প্রক্রিয়ায় মুজাহিদ ও নিজামীকে মন্ত্রী পর্যন্ত করা হয়েছিল।”

“২০ বছরে যদি একটা প্রজন্ম ধরি তাহলে প্রায় দুটো প্রজন্ম প্রায় অন্ধকারে ছিল। ইতিহাসটা জানত না। কারণ ইতিহাসটা একেবারে ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছিল, এমনকি পাঠ্যপুস্তকেও। সেই জায়গা থেকে ফেরার দরকার ছিল। এই জাতির জন্য একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা দরকার ছিল।”