রাউজানে সাকার দাফনের প্রস্তুতি
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে চট্টগ্রামের রাউজানে, যে এলাকায় একাত্তরে তিনি গণহত্যাসহ নানা মানবতাবিরোধী অপরাধের মধ্য দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
শনিবার রাত সাড়ে ১১টার পর রাউজানের গহিরা গ্রামের সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে পুলিশ-র্যাব ও এপিবিএন সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
এছাড়া গহিরা গ্রামে সাকাদের বাড়ি 'বাইতুল বিলাল' এর সামনে, গহিরা বাজার ও রাউজানের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।
কবরস্থান ও রাউজান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বাইতুল বিলাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাউজান থানার ওসি প্রদীপ দাস।
সাকার বাড়ির এক সদস্যও ওই স্থানে তাকে দাফনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন।
আইনি সব লড়াইয়ের নিস্পত্তির পর বিএনপি নেতা সাকা চৌধুরী শনিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে সন্ধ্যার পর তা নাকচ হয়।
এরপর কারা কর্তৃপক্ষ যুদ্ধাপরাধী সাকার পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য ডেকে পাঠায় এবং ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই বলে গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এদিকে যুদ্ধাপরাধী সাকার লাশ রাউজানে দাফন না করতে দেওয়ার ঘোষণা দিয়েছে রাউজান উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বেবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাকার লাশ রাউজানে প্রবেশ করতে দেওয়া হবে না। এজন্য রাউজানের প্রবেশমুখ সাপ্তারহাট এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মীরা অবস্থান নিয়ে লাশ প্রতিহত করবে।"
অবশ্য রাউজানের ওসি প্রদীপ দাস বলেন, তারা লাশ দাফনের সব ব্যবস্থাই নিয়েছেন।
