২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু হয়েছে বাইমুন সম্মেলন-২০১৫

জাতিসংঘ সাধারণ অধিবেশনের অনুকরণে বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র ও তরুণদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে 'বাংলাদেশ আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশন্স (বাইমুন) সম্মেলন-২০১৫'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 10:12 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্ধোধন করেন বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ।

এবার 'জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন' প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)  এই সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশ আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশন্স'র (বাইমুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, তুরস্ক, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপালসহ বিভিন্ন দেশের প্রায় ৮০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সম্মেলনে উদ্ধোধনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স উপস্থিত ছিলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুকরণে বিশ্বের বিভিন্ন দেশে এই মডেল ইউনাইটেড নেশন্স সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশে ২০০২ সাল থেকে ইউনিস্যাব এই সম্মেলনের আয়োজন করে আসছে।

Image
শনিবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশন্স (বাইমুন) সম্মেলন-২০১৫ এর উদ্ধোধন হয়

শনিবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশন্স (বাইমুন) সম্মেলন-২০১৫ এর উদ্ধোধন হয়

এই সম্মেলনে স্বাগতিক দেশ ছাড়াও সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তরুণরা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের কাছে দেশের পক্ষে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

সম্মেলনে বিভিন্ন বিষয়ের আলোচনা ও বির্তকের মধ্য দিয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের উচ্চারণ, বাচনভঙ্গি, আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে সচেতনতা, সমঝোতা ও নেতৃত্ব এই ধরনের গুণাবলি ঝালাই করে নিতে পারেন।

বাইমুনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের সম্মেলনে মোট আটটি কমিটির অধীনে ১৬টি ইস্যু নিয়ে আলোচনা হবে।

এই সম্মেলনে পাশ হওয়া প্রস্তাবনাসমূহ আগামী ৩০ নভেম্বর থেকে ফ্রান্সে শুরু হতে যাওয়া জলবায়ু ও পরিবেশ বিষয়ক কোপ-২১ সম্মেলনে বাংলাদেশের দাবিসমূহ আদায়ে অংশ নেওয়া প্রতিনিধিদের জন্য সহায়ক হবে।

চারদিনের এই মডেল ইউনাইটেড নেশন্স সম্মেলন আগামী ২৪ নভেম্বর শেষ হবে।