খালেদার ফেরা, যানজট-দুর্ভোগ
দুই মাস পর দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ভিড় এবং তার নিরাপত্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করায় ঢাকায় যানজটে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার বিকাল ৫টা ১০মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।
বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে দুপুরের পর থেকে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক বিমানবন্দর এলাকায় উপস্থিত হতে থাকেন।
এদিকে বিমানবন্দর থেকে খালেদার বাসায় ফেরা নির্বিঘ্ন করতে বিকাল ৫টা থেকে বিমানবন্দরের সামনে সড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ রাখে পুলিশ। এতে টঙ্গী-আবদুল্লাহপুর হয়ে ঢাকামুখী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
অন্যদিকে খালেদা বিমানবন্দর ত্যাগ করার পর খিলক্ষেত থেকে উত্তরা-আবদুল্লাহপুরমুখী সড়ক ছেড়ে দেওয়া হলেও যানজটের রেশ সেই রুটেও ছিল।
ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কামরুল শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি চেয়ারপারসনের আসা উপলক্ষে নেতাকর্মীদের ভিড় তৈরি হয়েছিল। বিকাল ৫টার দিকে এয়ারপোর্টের গোলচত্বর এলাকায় ইনকামিং রুটে (মহাখালী-বনানীমুখী রাস্তা) যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিপরীতমুখী রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়নি।
তবে খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব বলেছেন, খিলক্ষেত এলাকায় বিপরীতমুখী উত্তরা-আবদুল্লাহপুরগামী সড়কেও যান চলাচল বন্ধ দেখেছেন তিনি।
খালেদা জিয়ার গুলশানের বাসায় ফেরার পথ (বিমানবন্দর থেকে মহাখালীগামী রাস্তা) ফাঁকা-ই ছিল বলে জানান তিনি।
খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা।
“বিমানবন্দর স্টেশন থেকে খালেদা জিয়ার গাড়িবহর ধীরে ধীরে এগোতে থাকে। নেতাকর্মীরা গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন। সামনের রাস্তা ফাঁকা থাকলেও কয়েকশ নেতাকর্মী খালেদা জিয়ার গাড়ি ঘিরে থাকায় বহর এগোচ্ছিল মন্থর গতিতে।”
বিকেল ৪টার দিকে উত্তরার বাসা থেকে যাত্রা করে মহাখালীতে অফিসে পৌঁছাতে তিন ঘণ্টা লেগেছে বলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাসির জানিয়েছেন।
সন্ধ্যা ৬টার দিকে খিলক্ষেত এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার দুই পাশেই তীব্র যানজট দেখা যাচ্ছে। বিভিন্ন যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন অনেক মানুষ।”
