সমাপনীতে বসছে প্রাথমিকের ৩২ লাখ পরীক্ষার্থী
দেশের সাত হাজার ৫২টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা।
রোববার থেকে শুরু এই পরীক্ষায় পঞ্চম শ্রেণি পড়ুয়া দেশের ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ নেবে।
২৯ নভেম্বর পর্যন্ত নির্ধারিত দিনের পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হবে।
প্রথম দিন সকাল প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রোববার সকাল সাড়ে ১০টায় মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রশ্ন ফাঁস ঠেকাতে ৬৪ জেলাকে এবার বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্নে এবার প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নেবে সরকার।
সমাপনী পরীক্ষায় প্রাথমিকের ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ ও ইবেতেদায়ীর তিন লাখ পাঁচ হাজার ৪৫১ শিক্ষার্থী অংশ নেভে।
প্রাথমিকে ছাত্রসংখ্যা ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন ও ছাত্রী ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন। আর ইবেতেদায়ীতে রয়েছে এক লাখ ৬০ হাজার ৫৬১ জন ছাত্র ও এক লাখ ৪৪ হাজার ৮৯০ জন ছাত্রী।
গত বছর প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নেয়। সে হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৯ হাজার ১৯৩ জন।
দেশের সাত হাজার ৫২টি কেন্দ্রে ছাড়াও আরও দেশের বাইরে আট দেশের ১১টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে।
অন্য বারের মতো এবারও প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানিয়েছেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এই পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।
প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে।
আগে এই পরীক্ষার সময় দুই ঘণ্টা সময় থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।
