২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সব হবে: প্রধানমন্ত্রী

সেনাকুঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তার সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 07:47 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার বিকালে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন,“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ উদ্ধার তৎপরতা ও অন্যান্য অভ্যন্তরীণ সংকট নিরসনকল্পে সশস্ত্র বাহিনী দেশপ্রেমের বিরাট উদাহরণ সৃষ্টি করেছে।”

সশস্ত্র বাহিনী তাদের জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে যে যে পদক্ষেপ প্রয়োজন সেটা আমরা নেবো এবং আমরা তা নিচ্ছি।”

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা, উচ্চ আদালতের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান,বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিক, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বিকাল ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছালে তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার তাকে স্বাগত জানান।

সরকার প্রধান অনুষ্ঠান মঞ্চে দাঁড়ালে বাদ্যযন্ত্রে জাতীয় সংগীতের সুর তোলা হয়।

এরপর বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

শেখ হাসিনা বলেন, “জাতির পিতার লক্ষ্য ছিল একটি দক্ষ ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তোলা। সে কারণেই স্বাধীনতা উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি নিয়ে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণ করেছিলেন।”

সশস্ত্র বাহিনীর উন্নয়নে বঙ্গবন্ধুর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

অবকাঠামো নির্মাণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সেনাবাহিনীর ভূমিকার কথাও বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন,প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীকে দেশে-বিদেশে উন্নততর প্রশিক্ষণ প্রদানসহ আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধসরঞ্জাম দিয়ে সজ্জিত করার প্রয়াস অব্যাহত আছে।

“বন্ধু প্রতীম দেশগুলোর সহযোগিতায় আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করে সমর শক্তি বৃদ্ধি করা হচ্ছে।”

সিলেট ও কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর পদাতিক ডিভিশন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলেও একটি পূর্ণাঙ্গ ডিভিশন প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

“আমাদের নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুটি সাবমেরিন আগামী বছরের মধ্যে সংযোজন করা হবে। এ বছরের শেষ নাগাদ দুটি করভেট সংযোজন করা হবে।”

দেশের শিপইয়ার্ডগুলোতে তৈরি ফ্লিট ট্যাংকার, ল্যান্ডিং ক্রাফট ট্যাংক ও লার্জ প্যাট্রোল ক্রাফট বাংলাদেশ নৌবাহিনীকে সমৃদ্ধ করছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত চিকি‍ৎসা এবং তাদের আবাসন সমস্যা সমাধানে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।