বনানীতে চিরনিদ্রায় পরমাণু বিজ্ঞানী সিএস করিম
পরমাণু বিজ্ঞানী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিমকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে সেখানে সমাহিত করার আগে কৃতী এই বিজ্ঞানীকে তার সাবেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান।
বাংলাদশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) সাবেক এই চেয়ারম্যান। ৬৭ বছর বয়সী এই বিজ্ঞানী পরিচিত ছিলেন সিএস করিম নামে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের এই উপদেষ্টাকে দাফনের আগে মরদেহ তার এক সময়ের কর্মস্থল পরমাণু শক্তি কমিশনসহ রাজধানীর চারটি স্থানে নেওয়া হয়।
সেসব স্থানে তার জানাজার নামাজে সাবেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সিএস করিমের প্রথম জানাজা হয়।
জানাজায় বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ তৈমুর নেওয়াজ, হাসপাতাল পরিচালক রউফ সরকার, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাইখ সিরাজসহ বিশিষ্টজনরা অংশ নেন।
জানাজার পর শাইখ সিরাজ বলেন, “উনি ভালো মানুষ ছিলেন। বাংলাদেশে পরমাণু বিজ্ঞানের চর্চায় তার অবদান সব সময় স্মরণ করা হবে।”
২০০৮ সালের ১১ নভেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তখনকার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএস করিম। (ডান থেকে তৃতীয়)
বেলা ১২টায় সেখানে জানাজার পর এই পরমাণু বিজ্ঞানীর এক সময়ের সহকর্মী বিএসইসি'র সাবেক দুই চেয়ারম্যান ড. নঈম চৌধুরী ও কারার মাহমুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
পরে কারার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি অতিশয় সহজ, সরল ও বিদ্বান ব্যক্তি ছিলেন। তিনি দেশের জন্য অনেক কিছু করে গেছেন।
“সহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা তার কাছে কৃতজ্ঞ।”
পরমাণু শক্তি কমিশন থেকে সিএস করিমের মরদেহ নেওয়া হয় রাজধানীর মোহাম্মদপুরে তার বাসার কাছে বায়তুস সালাহ জামে মসজিদে। জোহরের নামাজ শেষে সেখানে তার আরেক দফা জানাজা হয়।
সর্বশেষ বনানী কবরস্থানে দাফনের আগে সেখানে আরেকবার জানাজা হয় বলে প্রয়াত এই বিজ্ঞানীর ছোট ভাই নিয়াজ করিম জানান।
বিজ্ঞানী সিএস করিমের কুলখানি আগামী বুধবার আছরের পর মোহাম্মদপুরের বাসায় অনুষ্ঠিত হবে বলে তার ছেলে শাবাব করিম জানিয়েছেন।
কুলখানিতে শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
সিএস করিমের জন্ম ১৯৪৮ সালের ৭ জানুয়ারি নানা বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ের চিনকি আস্তানার তাকিয়া বাড়িতে। বাবা বিচারক ছিলেন বলে মাধ্যমিক পর্যন্ত তার শিক্ষাজীবন কেটেছে দেশের বিভিন্ন জেলায়।
১৯৬৪ সালে এসএসসি পাস করা সিএস করিম পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরে রাশিয়ায় তিনি নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন।
চিরনিদ্রায় শায়িত হওয়ার আগে পরমাণু বিজ্ঞানী সিএস করিমের জানাজা
বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা মেটাতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ওপর সব সময় জোর দিতেন সিএস করিম। তিনি ছিলেন পরমাণু নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ।
২০০৭ সালের জানুয়ারিতে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ বাংলাদেশ সরকারের দায়িত্ব নিলে তাতে কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সিএস করিম। সে সময় শস্য ফলন বাড়াতে তিনি সারা দেশ চষে বেড়ান, যা প্রশংসিত হয়।
উপদেষ্টার দায়িত্ব পাওয়ার আগে স্বল্প সময়ের জন্য তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে যুক্ত হন সায়েন্স এডিটর হিসেবে। পরে নানা ব্যস্ততার মধ্যেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে লিখেছেন, বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন, পাশে থেকেছেন।
তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতি-নির্ধারণী বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেন সিএস করিম। তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটিরও সভাপতি ছিলেন।
