বিদেশিদের তথ্য সংরক্ষণে নতুন আইনের প্রস্তাব
বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসা এবং যাওয়ার তথ্য সংরক্ষণের জন্য ‘বিদেশি নিবন্ধন বিল-২০১৫’ সংসদে উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেসরকারি এই বিলটি সংসদে তোলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম।
পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব ও বেসরকারি সদস্যদের বিল সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
মন্ত্রী ছাড়া অন্যান্য সংসদ সদস্যদের বেসরকারি সদস্য বলা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ইসরাফিল আলম বলেন, “... প্রতিবছর বাংলাদেশে লাখ লাখ বিদেশির আগমন ঘটে। কেউ আসেন ভ্রমণের জন্য, ব্যবসার জন্য, কর্মসংস্থানের জন্য, বিনোদনের জন্য; কেউ আসেন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক প্রয়োজনে। কিন্তু আইনি সীমাবদ্ধতার কারণে আমাদের দেশে এই আগমন-বহিঃগমনের সঠিক হিসাব সংরক্ষণ করার ব্যবস্থা এখনও সম্ভব হয়ে ওঠেনি।
“যার ফলে বাংলাদেশে একদিকে যেমন মুদ্রা পাচার, মাদক পাচারসহ নারী ও শিশু পাচারের মত আর্থ-সামাজিক ঝুঁকির মধ্যে রয়েছে-তেমনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদসহ জঙ্গিবাদের মত নিরাপত্তা ঝুঁকিতে।”
ইসরাফিল বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দেশে বিদেশিদের আসা-যাওয়ার তথ্য সংগ্রহ ও সংরক্ষণের এ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজন যুগোপযোগী আইনি কাঠামো।”
প্রস্তাবিত আইনে বিদেশিদের বাংলাদেশে আসা ও যাওয়ার তথ্য সংরক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘বিদেশি নিবন্ধন সেল’ গঠনের প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশিদের ভিসা ফরমের সঙ্গে নিবন্ধন ফরম পূরণের বাধ্যবাধকতা রাখার প্রস্তাবও করা হয়েছে আইনটিতে।
নিবন্ধন ফরমে মিথ্যা তথ্য দিলে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনূর্ধ্ব এক মসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
মিথ্য তথ্য দেওয়ার অপরাধ আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাবও করা হয়েছে উত্থাপিত বিলে।
