ঐশীর মৃত্যুদণ্ডের রায়ের নথি হাই কোর্টে
ঢাকায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানের মৃত্যুদণ্ডের রায়ের নথিপত্র হাই কোর্টে পৌঁছেছে।
বৃহস্পতিবার হাই কোর্ট বিভাগের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঐশী রহমানের ফাঁসির রায় ও মামলার নথিপত্র বৃহস্পতিবার হাই কোর্টের ডেথ রেফারেন্স শাখায় জমা হয়েছে।”
গত বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে ঐশীর হত্যাকাণ্ডের পাশাপাশি তাকে আশ্রয় দেওয়ায় তার বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আর হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান ঐশীর আরেক বন্ধু আসাদুজ্জামান জনি।
২৭ মাস আগে ওই হত্যাকাণ্ড এবং তাতে রহমান দম্পতির কিশোরী মেয়ের জড়িত থাকার অভিযোগ নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে।
এ মামলায় ঐশীদের বাসার শিশু গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, আগের রাতে কোনো এক সময়ে কফির সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে বাবা-মাকে কুপিয়ে হত্যা করেন ঐশী। পরদিন সকালে সাত বছর বয়সি ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান।
পরে ভাইকে এক প্রতিবেশীর বাসায় পাঠিয়ে একদিন পর গৃহকর্মী সুমিকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন এই কিশোরী। পরে তার বক্তব্যের সূত্র ধরেই রনি ও জনিকে গ্রেপ্তার করা হয়।
২০১৪ সালের ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাতে বলা হয়, বাবা-মাকে ঐশীই হত্যা করেন; আর অন্যরা তাকে সহযোগিতা করেন।
এদিকে প্রধান বিচারপতি এস কে সিনহা অগ্রাধিকার ভিত্তিতে সিলেটের শিশু সামিউল আলম রাজন ও খুলনার রাকিব হাওলাদার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) পেপারবুক তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানান সাব্বির ফয়েজ।
ওই দুই মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়ে বিচারিক আদালতের দেওয়া রায়সহ মামলার নথি ১০ নভেম্বর হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।
সাব্বির বলেন, “পেপারবুক তৈরির পর প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দিলে শুনানি শুরু হবে।”
৮ নভেম্বর একই দিনে দেশে-বিদেশে আলোচিত রাজন ও রাকিব হত্যা মামলার রায় হয়।
সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেয় সিলেটের মহানগর দায়রা জজ আদালত। এছাড়া একজনের যাবজ্জীবনসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাই কোর্টের অনুমোদন লাগে, যা ‘ডেথ রেফারেন্স মামলা’ হিসেবে পরিচিত। পাশাপাশি আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল ও জেল আপিল করার সুযোগ পায়।
১০ নভেম্বর হাই কোর্টের ডেথ রেফারেন্স শাখার এক কর্মকর্তা জানিয়েছিলেন, বর্তমানে প্রায় সাড়ে ৩০০ ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে।
মোট তিনটি নিয়মিত বেঞ্চে এসব ডেথ রেফারেন্সের শুনানি হয়। এছাড়া আরও দুটি বেঞ্চ রয়েছে, যেগুলো শুধু বৃহস্পতিবার শুনানি করে।
এখন ২০১০ সালের ডেথ রেফারেন্স মামলার শুনানির পাশাপাশি ২০১১ সালের মামলাগুলোর পেপারবুক প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।
