রাজন-রাকিব হত্যার ‘ডেথ রেফারেন্স’ হাই কোর্টে
সিলেটের শিশু সামিউল আলম রাজন ও খুলনার রাকিব হাওলাদার হত্যা মামলায় বিচারিক আদালতের রায়সহ মামলার নথি হাই কোর্টে পৌঁছেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হাই কোর্টের ‘ডেথ রেফারেন্স’ শাখায় চাঞ্চল্যকর মামলা দুটির নথি পৌঁছায় বলে শাখার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
হাই কোর্ট বিভাগের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশ্লিষ্ট শাখা এখন পেপারবুক (রায়সহ মামলার বৃত্তান্ত) প্রস্তুত করবে। তারপর বিষয়টি শুনানির জন্য আদালতে উঠবে।
বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাই কোর্টের অনুমোদন লাগে, যা ‘ডেথ রেফারেন্স মামলা’ হিসেবে পরিচিত।
এর মধ্যে আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পায় আসামিপক্ষ।
দেশে-বিদেশে আলোচিত রাজন ও রাকিব হত্যা মামলার রায় হয় গত রোববার, একই দিনে।
সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেয় সিলেটের মহানগর দায়রা জজ আদালত। এছাড়া একজনের যাবজ্জীবনসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে খুলনার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা ১২ বছরের রাকিবকে হত্যার দায়ে দুইজনের ফাঁসির আদেশ দেন।
হাই কোর্টের ডেথ রেফারেন্স শাখার কর্মকর্তারা জানান, বর্তমানে প্রায় সাড়ে ৩০০ ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে।
মোট তিনটি নিয়মিত বেঞ্চে এসব ডেথ রেফারেন্সের শুনানি হয়। এছাড়া আরও দুটি বেঞ্চ রয়েছে, যেগুলো শুধু বৃহস্পতিবার শুনানি করে।
বর্তমানে ২০১০ সালের ডেথ রেফারেন্স মামলার শুনানির পাশাপাশি ২০১১ সালের মামলাগুলোর পেপারবুক প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।
