দুই যুদ্ধাপরাধীর রিভিউর রায় কারা কর্তৃপক্ষের হাতে
বিচারকদের সইয়ের পর যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজের রায় পৌঁছেছে কারাগারে।
বুধবার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া ওই রায়ে বিচারকদের স্বাক্ষরের পর বৃহস্পতিবার বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানো হয়।
আইনি সব বিষয় নিষ্পত্তির পর এখন সাবেক এই দুই মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেবে কারা কর্তৃপক্ষ। তার আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন দুজন।
রাজধানীর নাজিম উদ্দিন রোডের কারাগারে রাতে রায়ের অনুলিপি পৌঁছানোর পর দুই বন্দিকে তা পড়ে শোনানো হয় বলে গণমাধ্যমে খবর এলেও কারা কর্মকর্তাদের কোনো ভাষ্য মেলেনি।
কারাফটকে জোরদার নিরাপত্তা রয়েছে। সাঁজোয়া যান নিয়ে পুলিশের অবস্থানের পাশাপাশি রয়েছে র্যাবের টহলও।
চকবাজার থানার ওসি শামীমুর রশীদ ও র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর উভয়ই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ফাঁসির দুই আসামি থাকায় তারা নিরাপত্তা জোরদার করেছেন।
যুদ্ধাপরাধের দায়ে এর আগে আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ড নাজিমউদ্দিন রোডের এই কারাগারেই কার্যকর হয়েছে।
মধ্য দুপুরে সালাউদ্দিন কাদেরের পরিবার এবং দুপুরের পর মুজাহিদের পরিবারের সদস্যরা দেখা করতে যাওয়ার আগে থেকে কারাফটকে পুলিশ-র্যাবের পাহারা বাড়তে থাকে।
এর মধ্যেই আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি রায় নেমেছে। কিছুক্ষণের মধ্যে তা ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হবে।”
এরপর সাড়ে ৭টার দিকে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী ও কয়েকজন কর্মকর্তা রায়ের অনুলিপি নিয়ে ট্রাইব্যুনালে পৌঁছান।
এর এক ঘণ্টা পর রায়ের অনুলিপি নিয়ে মাইক্রোবাসে চড়ে কারাগারের দিকে রওনা হন ট্রাইব্যুনালের কর্মীরা।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক বলেন, “কারা কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রায় যাচ্ছে।”
রায়ের অনুলিপি যাচ্ছে কারাগারে
রাত ৯টার দিকে রায়ের কপি কারা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেন ট্রাইব্যুনালকর্মীরা। তখন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে।
রায়ের অনুলিপি পৌঁছার পর মধ্যরাতে কারা কর্মকর্তারা একে একে বেরিয়ে এলেও তারা কেউ সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি হাতে পাওয়ায় কারা কর্তৃপক্ষ দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রাণভিক্ষার আনুষ্ঠানিকতা সারতে পারবে।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে শেষ সুযোগে দণ্ডাদেশ পাওয়া আসামিরা অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চাইতে পারেন। আসামি তা না চাইলে বা রাষ্ট্রপতির ক্ষমা না পেলে সরকার দিনক্ষণ ঠিক করে কারা কর্তৃপক্ষকে ফাঁসি কার্যকরের নির্দেশ দেয়।
বুধবার রিভিউ খারিজের রায় হওয়া পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি নিষ্পত্তি হলেই মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ ঠিক করা হবে।
কারাবিধিতে ক্ষমা চাওয়ার জন্য সাত দিন সময়ের উল্লেখ থাকলেও আন্তর্জাতিক অপরাধ আইনে তার কোনো সুর্নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নেই। তবে এই আইনে কারাবিধি প্রযোজ্য হয় না।
কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আগে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, প্রাণভিক্ষা চাওয়ার জন্য আসামি ‘যৌক্তিক সময়’ পাবেন। এর ব্যাখ্যায় তিনি বলেছিলেন, একটি দরখাস্ত লিখতে যে সময় লাগে- ‘যৌক্তিক সময়’ তার চেয়ে বেশি হওয়া উচিৎ নয়।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি আপিল করলে চলতি বছরের ১৬ জুন চূড়ান্ত রায়েও ওই সাজা বহাল থাকে।
একাত্তরে চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদেরের রায় এসেছিল ২০১৩ সালের ১ অক্টোবর। ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় এ বছর ২৯ জুলাই আপিলের রায়েও বহাল থাকে।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
তাদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় একই দিনে, ৩০ সেপ্টেম্বর। এরপর নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল দুজনের মৃত্যু পরোয়ানা জারি করে এবং কারা কর্তৃপক্ষ ১ অক্টোবর তা দুই ফাঁসির আসামিকে পড়ে শোনায়।
এরপর দুই যুদ্ধাপরাধী ওই রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করেন। শুনানি শেষে বুধবার আদালত তা খারিজ করে দেয়।
প্রধান বিচারপতি এস কে সিনহা ও আপিল বেঞ্চের অন্য তিন বিচারকের দেওয়া দুই রায়েই বলা হয়, আপিল শুনানির পর দেওয়া রায়ে কোনো ত্রুটি বিচারকদের নজরে আসেনি। সুতরাং দণ্ড পুনর্বিবেচনার কোনো কারণও তারা খুঁজে পাননি।
দণ্ড কার্যকরের আগে দুই যুদ্ধাপরাধীর শেষ আইনি সুযোগ ছিল রিভিউ আবেদন। তা খারিজের মধ্য দিয়ে আইনি লড়াইয়ের পরিসমাপ্তি হয়।
রিভিউ খারিজের পরদিন স্বজনরা দেখা করে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের সঙ্গে।
অবশ্য এর আগে দণ্ড কার্যকর হওয়া দুই যুদ্ধাপরাধীর ক্ষেত্রে প্রাণভিক্ষার বিষয়টি ফয়সালা হওয়ার পর তাদের ফাঁসিতে ঝোলানোর আগে আরও একবার পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার দেখা করে বেরিয়ে আসার পর সালাউদ্দিন কাদেরের ভাই জামালউদ্দিন কাদের চৌধুরীর কাছে সাংবাদিকরা প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে জানতে চান।
জবাবে তাচ্ছিল্যের সঙ্গে তিনি বলেন, “কী, মার্সি পিটিশন?”
কারাফটকে সালাউদ্দিন কাদেরের পরিবারের সদস্য
কারাফটকে আলী আহসান মুজাহিদের পরিবারের সদস্যরা
একই প্রশ্নে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, “তিনি (বাবা) বলেছেন, ‘রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রের ও জনগণের অভিভাবক। তিনি একজন আইনজীবীও।’ সুতরাং তার কাছে আবেদন করব কি-না আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।”
এর আগে যুদ্ধাপরাধী কাদের মোল্লা ও কামারুজ্জামানের রিভিউ আবেদন এক দিনের মধ্যে শুনানি শেষে খারিজ হয়ে গিয়েছিল। তারা রাষ্ট্রপতির ক্ষমা চাননি বলে সরকারের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল।
একাত্তরের যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রথম ব্যক্তি হিসেবে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে।
আর চলতি বছর ১১ এপ্রিল জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ।
