২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দেশে যান চলাচলের মাশুল চূড়ান্ত হবে ডিসেম্বরে

বাংলাদেশ, ভুটান, ভারত ও  নেপাল (বিবিআইএন) এই চার দেশের মধ্যে যান চলাচলে মাশুলসহ অন্যান্য বিষয় আগামী মাসে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 02:59 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার সচিবালয়ে ‘বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালি ২০১৫’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী জানুয়ারি থেকে এই চার দেশের মধ্যে সড়কপথে যাত্রী ও ব্যক্তিগত এবং পণ্যবাহী যান চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

“এর আগে ডিসেম্বরের ৩-৪ তারিখে এক বৈঠকে চুক্তির আওতায় যান চলাচলের জন্য সংশ্লিষ্ট দেশে ‘ট্রানজিট ফি’ ও যাত্রী পরিবহনে ভিসা পদ্ধতি চূড়ান্ত হবে। মাশুল ঠিক করা হবে, কোনো আপত্তি উত্থাপিত হলে তাও ঠিক করা হবে।”

চার দেশের সম্মতিতে এই মাশুল নির্ধারণ করা হবে জানিয়ে মন্ত্রী কাদের বলেন, “এখানে আমাদের স্বার্থ আছে, কারও স্বার্থ কেউ ছাড়বে না।”

আগামী জানুয়ারিতে চার দেশের মধ্যে যান চলাচল শুরু হলেও প্রথমে তা সীমিত আকারে হবে জানিয়ে তিনি বলেন, “সড়ক প্রস্তুত রয়েছে, যাত্রা শুরু হতে যাচ্ছে। অবকাঠামো আরও উন্নত করতে হবে, যার এলাকা সে দেশ অবকাঠামো ঠিক করবে ”

বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালি গত ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর থেকে শুরু হয়েছে।

মন্ত্রী জানান, আগামী ২৮ নভেম্বর ফেনী সীমান্ত দিয়ে এই র‌্যালি বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশ হয়ে ওই র‌্যালি ১ ডিসেম্বর ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করবে।

চার দেশের মধ্যে সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহনে ভুটানের রাজধানী থিম্পুতে গত ১৫ জুন এক চুক্তিতে সই করেন পরিবহন মন্ত্রীরা।

এর আগে ৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যানবাহন চলাচলে ‘বিবিআইএন মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্ট (এমভিএ)’ সইয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

চার দেশের সম্ভাব্য রুট হচ্ছে- ভারতের কলকাতা থেকে পেট্রোপোল হয়ে বাংলাদেশের বেনাপোল-যশোর-ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি হয়ে ভারতের চেংড়াবান্দা-শিলিগুড়ি এবং ঢাকা থেকে হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি হয়ে ভারতের চেংড়াবান্দা-জায়াগন হয়ে ভুটানের ফুয়েন্টসুলিং দিয়ে থিম্পু পর্যন্ত।

এছাড়া ঢাকা থেকে হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বাংলাবান্ধা হয়ে ভারতের ফুলবাড়ি-পানিটাঙ্কি দিয়ে নেপালের কাকড়ভিটা হয়ে কাঠমান্ডু, ভারতের কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা-সরাইল-সিলেট-তামাবিল হয়ে ভারতের ডাউকি-শিলং-গুয়াহাটি দিয়ে ভুটানের সামদ্রুপ ঝংকার এবং খুলনা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতের পেট্রোপোল দিয়ে কলকাতা পর্যন্ত।

চুক্তির প্রস্তাবে চার দেশের সম্মতিতে ভবিষ্যতে এই পথে অন্য যে কোনো দেশের যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

চুক্তি অনুযায়ী, চার দেশের মধ্যে চলাচলে রুট পারমিট নিতে হবে। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় মাঝপথে কোনো যাত্রী বা মালামাল তোলা যাবে না।

যে দেশের উপর দিয়ে যানবাহন যাবে, সে দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তা তল্লাশি ও পরিদর্শন করতে পারবে। কোনো দেশে নিষিদ্ধ থাকা পণ্য সে দেশের উপর দিয়ে পরিবহন করা যাবে না বলে চুক্তির খসড়ায় রয়েছে।

তিন বছর পর পর এই চুক্তি নবায়ন হবে এবং কোনো দেশ চাইলে ছয় মাসের নোটিসে চুক্তি থেকে প্রত্যাহার করে নিতে পারবে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু নির্মাণ কাজ এ মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানান ওবায়দুল কাদের।

পুরনো খবর:

প্রতিবেশী ৪ দেশের মধ্যে যান চলাচলে চুক্তি
প্রতিবেশী চার দেশে যান চলাচল শুরু জানুয়ারিতে