বৈধ চালকের চেয়ে গাড়ি বেশি ১০ লাখ: মন্ত্রী
বাংলাদেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যার তুলনায় সনদধারী চালক প্রায় ১০ লাখ কম বলে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
বুধবার সংসদে সংসদে মন্ত্রীর এ তথ্য জানিয়েছেন। তবে লাইসেন্সবিহীন চালকের সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই বলে জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে লাইসেন্সধারী গাড়ি চালকের সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন। অন্যদিকে রেজিস্ট্রেশন করা মোটরযানের সংখ্যা ২৪ লাখ ৪ হাজার ১১৪টি।
ভুয়া লাইসেন্সধারী চালক ও মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের ধরতে বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ২০০৯ থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত পরিবহন খাতে ৮৪ হাজার ৩১৪টি মামলার মাধ্যমে ৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় হয়েছে। এক হাজার ২৬৬ জন আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২ হাজার ৮১৬টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য রয়েছে। দালালরা অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ভেতরে প্রবেশ করে নান ধরনের অপকর্ম চালায়। কখনো কখনো রাজনৈতিক প্রভাবও তারা দেখায়। যে কারণে কমকর্তারা অনেক সময় অসহায় হয়ে পড়ে।
“বিআরটিএতে সর্ষের মধ্যে ভূত তাড়ানোর চেষ্টা অবিরাম চালিয়ে যাচ্ছি।”
এ বিষয়ে বিআরটিএর কার্যালয় এলাকা মিরপুরের সাংসদ কামাল আহমেদ মজুমদারের সহযোগিতাও চান ওবায়দুল কাদের।
অন্য এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যানবাহন চলাচলের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার অধীনে অবকাঠামোগত উন্নয়নের ব্যয় নিজ নিজ দেশ বহন করবে।”
এক্ষেত্রে প্রতিটি দেশেরই উন্নয়ন সহযোগী দেশগুলোর আর্থিক সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
