২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চা শ্রমিকদের কল্যাণ তহবিলের জন্য সংসদে বিল

চা শ্রমিকদের কল্যাণে তহবিল গঠনে নতুন আইনের প্রস্তাব সংসদে উঠেছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 12:26 AM

Updated : 12 Oct 2022, 04:29 PM

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বুধবার ‘বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৫’ সংসদে উত্থাপন করেন।

বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়, দায়িত্ব পালনের সময় কোনো শ্রমিকে শারীরিক বা মানসিকভাবে অক্ষম হওয়ার কারণে চাকরি থেকে অবসর, অপসারণ বা অব্যাহতি পেলে তিনি তহবিল থেকে এককালীন অনুদান পাবেন।

কোনো চা শ্রমিক চাকরিরত অবস্থায় বা অবসর নেওয়ার ৫ বছরের মধ্যে মারা গেলে প্রাপ্য অনুদান তার স্ত্রী বা স্বামী পাবেন। অক্ষম বা দুর্দশাগ্রস্ত শ্রমিকের মেয়ের বিয়ের জন্য অনুদান দেওয়ার বিধানও রাখা হয়েছে বিলে।

এছাড়া বিলে শ্রমিকদের যে কোনো ধরনের চিকিৎসা, চশমা বা শরীরের জন্য সহায়ক অন্যান্য সরঞ্জামাদি, শেষকৃত্য, দুর্ঘটনার ক্ষতি এবং পাঠ্যপুস্তক কেনার জন্য অনুদান দেওয়ার বিধান প্রস্তাব রাখা হয়েছে।

শ্রমিকদের কল্যাণের জন্য একটি বোর্ড রাখার বিধানও রাখা হচ্ছে নতুন আইনে। বোর্ডের চেয়ারম্যান হবেন চা বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য হিসেবে থাকবেন- ‘চা সংসদ’র সদস্যদের মধ্য থেকে দুই জন প্রতিনিধি, চা সমিতি ইউনিয়নের দুইজন, শ্রম পরিদপ্তরের একজন, চা বাগান বিষয়ে আভিজ্ঞতা সম্পন্ন একজন এবং চা বোর্ডের একজন কর্মকর্তা।

তহবিলে বোর্ডের দেওয়া ১ কোটি টাকার সঙ্গে সরকারের দেওয়া অনুদান, অন্যান্য অনুদান বা বিনিয়োগ থেকে পাওয়া অর্থ জমা থাকবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকা এবং দেশের অভ্যন্তরের চাহিদা পূরণের লক্ষ্যে শ্রমিকদের কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে চায়ের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধিতে চা শ্রমিক কল্যাণ তহবিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিধায় এই তহবিলের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বিলটি উত্থাপন করা হয়েছে।”